চলতি অধিবেশনে প্রতিরক্ষা বাজেটের তথ্য চায় টিআইবি
জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রতিরক্ষা বাজেটের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷ একই সঙ্গে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যয়ের বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে গত সোমবার সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যকে অভিনন্দনও জানিয়েছে৷
গতকাল মঙ্গলবার টিআইবির এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যে তাঁরা আশাবাদী৷ কেননা টিআইব অনেক দিন ধরেই প্রতিরক্ষা বাজেটের তথ্য প্রকাশের দাবি জানিয়ে আসছে৷ তাই বিষয়টি ভবিষ্যতের জন্য ঝুলিয়ে না রেখে এই অধিবেশনেই তা প্রকাশ করা হলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে জনসমর্থন বৃদ্ধি পাবে।
ইফতেখারুজ্জামান প্রতিরক্ষা বাজেট নিয়ে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার সংস্কৃতি শুরু করার আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাসংক্রান্ত ক্রয়ে দুর্নীতির সুযোগ কমানোর জন্য পর্যাপ্ত সংসদীয় তদারকি নিশ্চিতকরণে প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত আইনের সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ২০১২ সালে প্রতিরক্ষা বাজেট-বিষয়ক সাতটি সূচকেই বাংলাদেশের অবস্থান হতাশাজনক ছিল। বিশেষ করে কিসের ভিত্তিতে সমরাস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম কেনার পরিকল্পনা করা হয়, সে ব্যাপারে জনগণ তো বটেই সংসদীয় স্থায়ী কমিটিও পুরোপুরি অন্ধকারে থাকে৷ তিনি বলেন, জাতীয় নিরাপত্তার নামে এই খাতে গোপনীয়তার সংস্কৃতি লালিত হলে আর্থিক ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি হতে পারে৷ তাই প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত আইনে দুর্নীতি প্রতিরোধক ধারা সংযোজনসহ তথ্য উন্মুক্তকরণের সুস্পষ্ট বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করা সময়ের দাবি৷ বিজ্ঞপ্তি