চলতি অধিবেশনে মাতৃভাষা ইনস্টিটিউট আইন পাসের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিশ্ব মাতৃভাষাপ্রেমীদের বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা কমিটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধ্যাপক আনিসুজ্জামান। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সদস্যরা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জনে অবদান রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যৌথভাবে একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব করেন তারা। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি তাদের আগামী বছরের ফেব্রুয়ারিতে ওই সম্মেলন আয়োজনের পরামর্শ দেন। পাশাপাশি সব তথ্য ও ইতিহাস অন্তর্ভুক্ত করে একুশে ফেব্রুয়ারির ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণেরও আহ্বান জানান।