চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি আইন বাতিলের দাবি
সংসদের চলতি অধিবেশনেই অর্পিত সম্পত্তি আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। এ ছাড়া ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনকে ভিত্তি ধরে সংশোধিত রূপে আইনটি প্রণয়নের দাবি জানিয়েছে তারা।গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এ দাবি জানানো হয়। সভায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাজের পরিধি বাড়িয়ে একে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি রক্ষায় বোর্ড গঠন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার, মা ভবানী মন্দির, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের দেবোত্তর ভূমিতে মন্দির ও আশ্রম যথাযথ আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষানীতিতে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দুধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।প্রতিনিধিরা আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও সমস্যা নিয়ে বক্তব্য দেন। সভায় জানানো হয়, এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ২৭ হাজার, যা গত বছরের তুলনায় এক হাজার বেশি।পরিষদের সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় সি আর দত্ত, পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, অনীল চন্দ্র নাথ, বীরেন্দ্র চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য দেন।