
জাতীয় সংসদের চলতি অধিবেশনেই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করে একাত্তরের যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরুর দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাইব্যুনালের আইনে যুদ্ধাপরাধী সংগঠনের বিচারের সুযোগ থাকলেও অপরাধী সংগঠনের শাস্তির বিষয়ে কিছু বলা নেই। এ বিষয়ে আইনের সংশোধনী খসড়া দীর্ঘদিন ধরে পড়ে আছে। একটির পর একটি মন্ত্রিপরিষদের বৈঠক হচ্ছে, সংসদের এক অধিবেশন শেষ হয়ে আরেকটি অধিবেশন শুরু হচ্ছে, কিন্তু আইন সংশোধন করা হচ্ছে না। সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতকে নিষিদ্ধ করা না হলে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে যেন তাদের বিচার শুরু করা যায়, এ জন্য দ্রুত আইন সংশোধন করা হোক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, ট্রাইব্যুনালের পাঁচটি রায়ের পর্যবেক্ষণে একাত্তরে জামায়াতকে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাধীনতার পর সংগঠনটি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে অপতৎপরতা চালিয়েছে। ২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে সারা দেশে অভাবিত তাণ্ডব চালিয়ে অমুসলিমদের উপাসনালয় আক্রমণ, আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড, যোগাযোগব্যবস্থা বিনষ্ট করার মতো চরম নৃশংসতা চালিয়েছে জামায়াত। ইউরোপীয় ইউনিয়ন জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এ জন্য আবারও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে। বাংলাদেশ রুখে দাঁড়াও মনে করে, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত হওয়া ছাড়া দেশের বাকি সব সমস্যা ঘনীভূত হয়েছে এবং জঙ্গিবাদের উত্থান দেশের জন্য অশনিসংকেত।
জঙ্গিবাদের উত্থান রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর প্রতি জোর দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, যদি শুরু থেকেই এ বিষয়ে জোরালো গোয়েন্দা তৎপরতা থাকত, তবে হুজির (হরকাতুল জিহাদ) মতো জঙ্গি সংগঠন গড়ে উঠত না। আগে থেকেই জোরালো গোয়েন্দা তৎপরতা থাকলে এসব সংগঠনকে অঙ্কুরেই বিনাশ করা যেত।।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাধের বিচারের রায় দ্রুত কার্যকর করা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ রুখে দাঁড়াও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় গণমিছিল করবে। সবাইকে গণমিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও তারিক আলী, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।