চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকারি দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আইনের বাধ্যবাধকতার জন্যই আমাদের সংবিধান সংশোধন করতে হবে। তবে সেটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।’ তিনি বলেন, সংবিধান সংশোধনে সংসদের চলতি অধিবেশনেই সর্বদলীয় কমিটি গঠন করা হবে।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ঢাকা মহানগর কমিটির শীর্ষ পর্যায়ের নেতা, প্রত্যেক সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এই সভায় অংশ নেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচির সমন্বয়ের জন্য এই সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৫ আগস্ট সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন করা হবে। একই সঙ্গে দলীয়ভাবেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সৈয়দ আশরাফ বলেন, পঞ্চম সংশোধনী ইতিমধ্যেই আদালত বাতিল ঘোষণা করেছে। আইনের বাধ্যবাধকতার জন্যই সরকার সংবিধান সংশোধন করতে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় যত দিন এ দেশে কার্যকর না হবে, তত দিন আমাদের সবাইকে মাঠে থাকতে হবে। সভায় উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ।