গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে চলতি অর্থবছর ৫৫০ কোটি টাকা ক্ষুদ্রঋণ বিতরণের পরিকল্পনা নিয়েছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় সাত লাখ মানুষকে ৪০০ কোটি টাকা ঋণ দেয়। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিডিবিএফের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।পল্লি দারিদ্র্য বিমোচনে সরকার প্রতিষ্ঠিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হচ্ছে পিডিবিএফ। ২০০০ সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।সংবাদ সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায়সচিব মিহির কান্তি মজুমদার জানান, এবার পিডিবিএফের এক যুগ পূর্তি হচ্ছে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।লিখিত বক্তব্যে মিহির কান্তি আরও বলেন, পিডিবিএফের জন্মলগ্নে দেশের ১৩৯টি উপজেলায় এর কার্যক্রম চালু ছিল। বর্তমানে ২০৮টি উপজেলার ২৫৩টি শাখায় তা চলছে। আরও ১০০ উপজেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি চার হাজার কোটি টাকার বেশি ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংস্থাটি গত বছর দেশের ৫০ উপজেলায় গ্রামীণ বিদ্যুৎ-চাহিদা মেটাতে সাড়ে আট হাজার ‘সোলার হোম সিস্টেম’ চালু করেছে।সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, এখানকার ঋণগ্রহীদাদের ৯৫ ভাগই নারী। তাদের প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক কাজে সহায়তা দেওয়া হচ্ছে। পিডিবিএফ যে ঋণ বিতরণ করে, তার ৯৮ ভাগই ফেরত আসে বলে তিনি জানান।