চলতি নদীতে বোমা মেশিনে বালু-পাথর উত্তোলন
সুনামগঞ্জের চলতি নদী থেকে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে অবাধে বালু-পাথর উত্তোলন চলছে। অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে নদীতীরের কয়েকটি গ্রাম। এতে করে নদীতীরের গ্রামবাসীদের মধ্যে আতঙ্কও বিরাজ করছে
জানা গেছে, সীমান্তের ওপার থেকে নেমে আসা চলতি নদী সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী থেকে অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধে গত ২২ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আদালত রিটের শুনানি শেষে ওই নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ দেন। বেলা রিট আবেদনে উল্লেখ করে, চলতি নদীতে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে নদীর প্রায় ৬০-৭০ ফুট নিচ থেকে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে নদী ও নদীসংলগ্ন এলাকা পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বোমা মেশিন স্থাপন করে পাথর ও বালু উত্তোলন করায় উত্তোলিত স্থানে নদীর তলদেশে বিশাল গর্ত সৃষ্টি হয়ে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে বাঁধ ও মানুষের ঘরবাড়িসহ নদীর পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
৮ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, শতাধিক বোমা মেশিন দিয়ে নদী থেকে বালু ও পাথর উত্তোলন করা হছে। একই সঙ্গে নদীর পাড় কেটে বড় বড় নৌকায় করে বালু তুলে নিচ্ছেন শ্রমিকেরা। নদীর ডলুরা থেকে কাইয়ারগাঁও পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত এই বালু-পাথর উত্তোলনের কাজ চলছে।
শ্রমিকেরা জানান, নদী থেকে বালু-পাথর উত্তোলনের জন্য স্থানীয় ডলুরা ও কাইয়ারগাঁও গ্রামের কিছু লোককে টাকা দিতে হয়। এর নেতৃত্বে আছেন কাইয়ারগাঁও গ্রামের এক ব্যক্তি। প্রতিটি নৌকা থেকে ৪০০-৫০০ টাকা আদায় করা হয়। বোমা মেশিনের মালিকেরা সপ্তাহে দেন দুই থেকে তিন হাজার টাকা। এই টাকার ভাগ প্রশাসনের লোকজনও পান। যে কারণে বোমা মেশিন ও ড্রেজার বন্ধ হচ্ছে না।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বোমা মেশিন ছাড়া এমনিতে বালু তোলায় কোনো নিষেধ নেই। যেহেতু এটা সীমান্ত এলাকা, তাই বর্ডার গার্ড ব্যাটালিয়নকে বলা হয়েছিল ব্যবস্থা নিতে। তারা বোমা মেশিনের সঙ্গে সাধারণভাবে বালু তোলাও বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।’