চলতি বছর দেশের ২২টি সীমান্তে ই-গেট চালু হবে: ই-পাসপোর্ট পরিচালক
উদ্বোধনের ১১ মাস ৮ দিন পর ৭ জুন আনুষ্ঠানিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চালু করা হয় ই–গেট। পরীক্ষামূলকভাবে চালু করার পর ইতিমধ্যে ই–গেট ব্যবহার করেছেন ছয় হাজারের বেশি যাত্রী। ই–গেট ব্যবহারে ইমিগ্রেশনের সময় কমে আসায় স্বস্তি বোধ করেছেন যাত্রীরা। ই–ভিসা চালুর পর পুরোপুরি এর সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সরেজমিনে সাংবাদিকদের ই–গেটের কার্যকারিতা দেখান। বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় ইমিগ্রেশনের সময় ই-পাসপোর্টধারী যাত্রীদের মুহূর্তেই শনাক্ত করবে ই-গেট। ই-পাসপোর্টের চিপ ও অ্যানটেনায় ব্যক্তির ছবি, আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে ফটক খুলে যাবে। এরপর ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। ই–গেটের অন্যান্য সেবার মধ্যে আছে ই-ভিসা শনাক্তকরণ।
বৃহস্পতিবার কথা হয় কানাডা থেকে ঢাকায় আসা মাইদুল নামের এক যাত্রীর সঙ্গে। হাসিমুখে ই–গেট পার হওয়া এই যুবক জানালেন, কানাডা থেকে ঢাকায় পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। মাইদুল বললেন, ‘এটি একটি ভালো ইঙ্গিত। দেশের সর্বত্র এ রকম ঝঞ্ঝাটমুক্ত সেবা প্রত্যাশা করি।’
অপর দিকে ছেলের সঙ্গে ব্যাংককে বেড়াতে যাচ্ছিলেন সুফিয়া বেগম। ই–গেট ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘সময় খুব কম লেগেছে। অভিজ্ঞতাটা দারুণ।’ কথা হয় প্রথমবারের মতো সৌদি আরবে চাকরি করতে যাওয়া বগুড়ার আরিফুল ইসলামের সঙ্গে। ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় দ্রুত ই–গেট পার হয়েছেন তিনিও। তবে আগে বিদেশে যাওয়ার অভিজ্ঞতা না থাকায় এই ই–গেটের সুবিধা সম্পর্কে তেমন কিছু বলতে পারলেন না তিনি। কেবল নতুন প্রযুক্তির একটি সেবা গ্রহণের অভিজ্ঞতা নিয়ে দেশ ছাড়লেন এই তরুণ। অস্ট্রেলিয়া যাওয়ার পথে ই–গেট পার হওয়া তানজিবা বললেন, ‘প্রথম ই–পাসপোর্ট করিয়েছি। আগে বেশ সময় লাগত। আজ বেশ দ্রুত পার হয়ে এলাম, ভালো লাগল।’
দীর্ঘ ভ্রমণের পর দীর্ঘ সময় সারি বেঁধে দাঁড়িয়ে ইমিগ্রেশন পার হতে হতো বিমানযাত্রীদের। এখনো বেশ কিছু যাত্রীকে এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু শিগগিরই এই চিত্র বদলে যাবে। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন পথে ১২টি করে মোট ২৪টি ই–গেট চালু রাখা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৬টি করে মোট ১২টি, সিলেটের ওসমানী বিমানবন্দরে ১২টি, বেনাপোল স্থলবন্দরে ২টি, বাংলাবান্দায় ২টি ই–গেট চালু রাখা হয়েছে।
এ বছরের মধ্যে ২২টি সীমান্তে এই সেবা চালু করার পরিকল্পনার কথা জানালেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন। তিনি বলেন, ‘এই প্রযুক্তির মাধ্যমে ইমিগ্রেশন সিস্টেমকে আরও নিরাপদ ও দ্রুততর করা হয়েছে। ইমিগ্রশন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ পাসপোর্ট ভেরিফিকেশন ও অথেনটিকেশন করা হচ্ছে মাত্র ১৮ সেকেন্ডে। একে ইন্টারপোলের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা যাবে। যেকোনো পোর্ট থেকে যাওয়া–আসা করা যাত্রীর ট্রাভেল হিস্ট্রিও জানা যাবে এখান থেকে।’
ইমিগ্রেশন প্রশাসনে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, ‘এখনই আমরা এর সুফল পুরোপুরি পাচ্ছি না। তবে সবার ই–পাসপোর্ট হয়ে গেলে আমরা এই সুবিধা পাব।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম, ই-পাসপোর্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. খালিদ সায়ফুল্লাহ, উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তেরর উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করা হয়। এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ই-পাসপোর্ট পেয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ১৫ থেকে ২৯ জুন পর্যন্ত ২ হাজার ৪৫২ জন ই–গেট ব্যবহার করে দেশে প্রবেশ করেছেন এবং ৩ হাজার ৮৭২ জন যাত্রী বিদেশে গেছেন।