আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি দীর্ঘ চলমান বিষয়। সরকার চলতি বছরের মধ্যে গোলাম আযমসহ কারাগারে আটক যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আয়োজিত উপজেলা ও ইউনিয়ন আইনগত সহায়তা প্রদান কমিটির কার্যক্রমবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া তারই অংশ। কিন্তু একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী গ্রামগঞ্জে সরকারের বিরুদ্ধে সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ তুলে দেওয়ার মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।বাগেরহাটের জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান জেলা কমিটির চেয়ারম্যান মো. আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজামেঞ্চল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশীষ রঞ্জন দাস, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবু সালেহ শেখ মো. জহুরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ছাড়াও আইনজীবী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা অংশ নেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ নেওয়াজ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলী সাদা মানুষ ছিলেন না। তাঁর গায়ে ব্যক্তিগত ও রাজনৈতিক কালিমা আছে। জামায়াত জঙ্গিরা তাঁকে অপহরণ করে থাকতে পারে। তাঁর ব্যক্তিগত শত্রুরাও এ কাজ করতে পারে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির হরতালে যে পাঁচজন নিহত হয়েছেন, তাঁরা সবাই সাদা মানুষ ছিলেন।