চলতি বছর ৭৫ হাজার বাংলাদেশি হজ পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর ব্যয় এবার দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর ৭৫ হাজার হজযাত্রীকে হজে পাঠানো হবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার। গত বছর হজযাত্রীর মোট সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৮৯ জন। চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ পালিত হবে ১৭ নভেম্বর (১০ জিলহজ)। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ২০১০ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।ঘোষিত হজ প্যাকেজে কোরবানির খরচ ছাড়া মোট খরচ দেখানো হয়েছে দুই লাখ ২৮ হাজার ৬১৫ টাকা। গত বছর আট হাজার টাকা কোরবানির খরচসহ এ খরচ ছিল দুই লাখ ২০ হাজার ৫৫০ টাকা। আগের বছরের তুলনায় এ বছর ১৬ হাজার ৬৫ টাকা খরচ বেড়েছে। সচিব বলেন, সরকারের সঙ্গে চুক্তি না করে বেসরকারি কোনো এজেন্সি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে না। প্রতি এজেন্সি সর্বনিম্ন ৫০ জন ও সর্বোচ্চ ৪০০ জন হজযাত্রী পাঠাতে পারবে।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের ২২ জুনের মধ্যে মোয়াল্লেম ফিসহ অন্য চার্জ জমা দিতে হবে। মন্ত্রণালয় ২৫ জুনের মধ্যে অফিসে জমা হওয়া হজযাত্রীদের নামের পুলিশ ছাড়পত্র ও স্বাস্থ্যগত পরীক্ষার তালিকা সংশ্লিষ্টদের কাছে পাঠাবে। সচিব বলেন, ৩০ সেপ্টেম্বরের (সম্ভাব্য ২০ শাওয়াল) মধ্যে বেসরকারি এজেন্সিগুলোকে বাড়িভাড়া সম্পন্ন করে সরকারকে জানাতে হবে।