মুঠোফোনে কলড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে শিগগিরই মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হবে এবং চলতি বছরেই গ্রাহকেরা ক্ষতিপূরণ পেতে শুরু করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, নতুন বছরে সেবার মান উন্নয়ন, সেবাকে সহজলভ্য করা, নিরাপদ ও সম্প্রসারণ—এই চারটি নীতি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অগ্রসর হবে। সেবার মান উন্নয়নের জন্য অপারেটরদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘কলড্রপ রোধ, নেটওয়ার্কের মান বৃদ্ধি এবং বিটিআরসির সেবার মানসংক্রান্ত নির্দেশনা মেনে চলা, অবাঞ্ছিত প্যাকেজ বন্ধ করা, কপিরাইট লঙ্ঘন রোধ করা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, নম্বর অপরিবর্তিত রেখে মোবাইল অপারেটর বদলের (এমএনপি) প্রক্রিয়া মার্চ মাস থেকে শুরু করা সম্ভব হবে। এ ছাড়া চলতি বছরের মধ্যে ফোরজি চালু করার জন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। এ বছরই তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।
কত ব্যান্ডের তরঙ্গ নিলাম করা হবে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এই নিলাম সব অপারেটরের জন্যই আয়োজন করা হবে। টেলিটক যেমন নিলামের আগেই থ্রিজি সেবা শুরু করতে পেরেছিল, এবার তেমন হচ্ছে না।