চলতি বছরেই জেলা পরিষদ নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জেলা পরিষদ নির্বাচন নিয়ে মধ্যরাতের বুদ্ধিজীবীরা নানান অবাস্তব প্রস্তাব তুলছেন। সব ভোটারের ভোটে জেলা পরিষদ প্রশাসক নির্বাচন সম্ভব নয়। তাই যে আইন রয়েছে সেই আলোকে চলতি বছরেই জেলা পরিষদ নির্বাচন হবে।’
গতকাল শুক্রবার সিরাজগঞ্জ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার ‘তৃণমূলের জনপ্রতিনিধিদের সমস্যা, সম্ভাবনা এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা শক্তিশালীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বলে বেড়াচ্ছেন দেশে গণতন্ত্র নেই। কিন্তু গণতন্ত্র যে আরও সুদৃঢ় হয়েছে, তা তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত, যশোর-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দীন আহমেদ প্রমুখ। সভায় জেলার সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।