আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হবে। আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় টাইব্যুনাল গঠন করা হবে।গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রালয়ের সলিসিটর মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল। উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এস এম সোলাইমান, জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান, পুলিশ সুপার (এসপি) জমসের আলী প্রমুখ।আইনজীবী ও বিচারকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত মামলার জট বাড়ছে। এ কারণে অসহায় মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মামলার রায় প্রদানের জন্য বিচারকদের প্রতি অনুরোধ জানান।জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ১২ তলাবিশিষ্ট নতুন মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ হবে। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৭ লাখ টাকা।