চলতি বছরেই সরকারি সব কেনাকাটা ই-জিপিতে
চলতি বছরেই দেশের সব সরকারি সংস্থার কেনাকাটা কার্যক্রম ইলেকট্রনিক পদ্ধতি ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) আওতায় আনা হবে। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নাগরিকদের সম্পৃক্ত করতে অনলাইনে কেনাকাটার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. ফারুক হোসেন এ তথ্য জানান। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্থাপনায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সিপিটিইউ ‘সরকারি ক্রয় ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি মো. ফারুক হোসেন বলেন, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ই-জিপি সিস্টেমে নিবন্ধিত দুই হাজার সরকারি অফিস এবং ১৬ হাজার ঠিকাদার ছিল। চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত সরকারের ৪০টি মন্ত্রণালয় বা বিভাগের আওতায় নিবন্ধিত অফিসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৭ এবং ঠিকাদার সংখ্যা ২২ হাজার ৬৯৭। এসব অফিসের বেশির ভাগকেই ই-জিপির আওতায় আনা হয়েছে। বাকিগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারুক হোসেন আরও বলেন, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তৃতীয় পক্ষ হিসেবে নাগরিকদের সম্পৃক্ততার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিপিটিইউ দেশব্যাপী এ সংক্রান্ত সচেতনতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ত করতে পারলে কাজের মান উন্নত হবে, সরকারি ক্রয়ে অনিয়ম বা ত্রুটিগুলো ধরা পড়বে। পাশাপাশি জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার হবে।