চলতি মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন স্কেলে বেতনের দাবি
চলতি মাস থেকেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় স্কেলে বেতন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ৩০ মার্চ সারা দেশের জেলা সদরে এবং কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দাবিতে এর আগেও তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এখন আবার তাদের এ কর্মসূচি পালন করতে হচ্ছে।
সমিতির সহসভাপতি রঞ্জিত কুমার সাহা বলেন, ৩০ মার্চের মধ্যেও যদি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ৯ এপ্রিল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাঁরা তালাবদ্ধ করতে বাধ্য হবেন। এটা যেন করতে না হয়, সে জন্য সরকারকে এর আগেই পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি বজলুর রহমান মিয়া প্রমুখ।