চলতি মাসে একটি ঘূর্ণিঝড় ও একাধিক তাপদাহের পূর্বাভাস
ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্মের দাবদাহ নিয়ে বৈশাখ এল বলে। গত সোমবার দেশের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী হানা দিয়ে নতুন বছরের আগমনের কথা জানিয়ে দিয়ে গেছে।অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর এপ্রিল মাসের জন্য আবহাওয়ার যে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রসহ চার থেকে ছয়টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। অন্যত্র চার-পাঁচ দিন হালকা বজ্রঝড় বা কালবৈশাখী হতে পারে।দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ ও অন্যত্র এক থেকে দুটি মাঝারি তাপদাহ হতে পারে। তীব্র তাপদাহের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং মৃদু ও মাঝারি তাপদাহের ক্ষেত্রে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। চলতি মাসের বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, পুরো মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে। অতিবৃষ্টি ও ঝড়ের কারণে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাধারণত সিলেট বিভাগের বেশির ভাগ অঞ্চলে এই বন্যা দেখা দেয়।আবহাওয়াবিদ আয়শা খাতুন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এ সময় প্রতিবছর ঝড় ও নিম্নচাপ সৃষ্টি হয়। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগের সময়টাতে বাতাসের তীব্রতা বেড়ে ঝড় ও বৃষ্টিপাত বাড়ে।