চলতি মাসে ঢাকায় ট্রানজিট নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের মাঝামাঝি ঢাকায় ট্রানজিট ও জলবিদ্যুত্ খাতে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বৈঠক হবে। বিশেষজ্ঞ পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশ, ভারত ও ভুটানের কর্মকর্তারা অংশ নেবেন।পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। এদিন সকালে বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠকের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে অভিহিত করেন মো. শহিদুল হক। পররাষ্ট্রসচিব জানান, ভুটানের পররাষ্ট্রসচিব ইয়েশে দর্জির সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, কৃষি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন, জলবিদ্যুত্ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের মধ্য দিয়ে ট্রানজিট চালুর বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শহিদুল হক বলেন, ট্রানজিট চালুর বিষয়টি খতিয়ে দেখতে ভুটান ও ভারতকে নিয়ে এ মাসের ১৬ অথবা ১৯ তারিখে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের ব্যাপারে সম্মতি পেলে ট্রানজিট নিয়ে আলোচনার আগের দিন জলবিদ্যুত্ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উন্নয়ন সহযোগীরা কোনো অভিমত দিয়েছেন কি না—জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘এ ব্যাপারে তাঁরা সরাসরি কোনো পর্যবেক্ষণ জানাননি। তবে সহিংসতা বন্ধের ব্যাপারে সবাই তো বিভিন্ন সময়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তা বন্ধের অনুরোধ জানিয়েছেন।’রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়ছে কি না, প্রশ্ন করলে সচিব বলেন, ‘আমার তা মনে হয় না।’