চলতি মাসে দুটি মৌসুমি নিম্নচাপ হতে পারে
চলতি সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তবে এ মাসে দেশের স্বাভাবিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। চলতি মাসের জন্য আবহাওয়ার এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়, এ মাসের শেষ দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। দেশের স্বাভাবিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে।বৃষ্টিপাত সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।গত আগস্টের আবহাওয়া পরিস্থিতির মূল্যায়ন করে বলা হয়েছে, গত মাসে সারা দেশে মৌসুমি বায়ুর শক্তিশালী অবস্থান ছিল, ফলে স্বাভাবিকের চেয়ে ৫৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত মাসের প্রথম দুই সপ্তাহে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগস্টে সাধারণত ঢাকা বিভাগে ১৬ এবং চট্টগ্রামে ১৯ দিন বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু এ বছর আগস্টে ঢাকায় ১৮ এবং চট্টগ্রামে ২২ দিন বৃষ্টিপাত হয়েছে। বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে দুই দিন কম বৃষ্টিপাত হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে স্বাভাবিক এবং রাজশাহী ও খুলনা বিভাগে অতিরিক্ত এক দিন বৃষ্টি হয়েছে।আবহাওয়াবিদেরা বলছেন, আগস্ট মাসে মৌসুমি বায়ু সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে। তিন থেকে চার বছর পরপর তা বেশি শক্তিশালী হয়। ওই বছর স্বাভাবিকের চেয়ে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এ বছর তা-ই হয়েছে।আবহাওয়াবিদ কামরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, মৌসুমি বায়ু শক্তিশালী থাকলে স্বাভাবিকের চেয়ে ৫৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়া অস্বাভাবিক নয়। অনেক বছর এর চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে।