ডিজেলের চাহিদা হঠাৎ বাড়ায় আমদানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলতি মাসে বিপিসি প্রায় ৫০০ কোটি টাকার তিন জাহাজ (প্রায় ৩০ হাজার মেট্রিক টন) বাড়তি ডিজেল আমদানি করেছে। তবু দেশে ডিজেলের মজুদ সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।বিপিসি সূত্র জানায়, আজ সোমবার বিপিসির সারা দেশের ২৮টি ডিপোতে ডিজেলের মজুদ আছে প্রায় ৭০ হাজার টন। এই মজুদে সারা দেশের পাঁচ-ছয় দিনের বেশি চাহিদা মেটানো যাবে না। কারণ এখন প্রতিদিনই ১৩-১৪ হাজার টন করে ডিজেল বিক্রি হচ্ছে।বিপিসির বিদায়ী চেয়ারম্যান মো. আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, উদ্বেগের কিছু নেই। কাল মঙ্গলবার থেকে চার দিনে তিন জাহাজ ডিজেল চট্টগ্রাম বন্দরে আসছে। মাসের শেষে ডিজেলের মজুদ আবার এক লাখ টন ছাড়িয়ে যাবে।বিপিসির চেয়ারম্যান বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, ডিজেল ভারতে পাচার হচ্ছে। কিন্তু মাঠপর্যায়ে জরিপ চালিয়ে দেখেছি, কৃষকেরা ভবিষ্যতে সংকট হবে কিংবা দাম বাড়তে পারে—এ আশঙ্কায় ছোট ছোট ড্রামে করে ডিজেল কিনে রাখছেন। এ কারণে ডিজেলের বিক্রি অস্বাভাবিক বেড়ে গেছে।’বিপিসির হিসাবে দেখা যায়, ফেব্রুয়ারিতে দেশে আট জাহাজ (প্রায় আড়াই লাখ টন) ডিজেলের চাহিদা ধরা হয়। কিন্তু গত মাসের মাঝামাঝি থেকে ডিজেলের চাহিদা বাড়ায় এ মাসে চার জাহাজ বাড়তি ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু বিপিসি সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ তিন জাহাজ ডিজেলের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।জানা গেছে, তেল সরবরাহকারীর মধ্যে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি), ফিলিপাইন ন্যাশনাল অয়েল কোম্পানি (পিএনওসিএল) এবং মিসরের মিডল ইস্ট অয়েল রিফাইনারি (মাইডর) এক জাহাজ করে বাড়তি ডিজেল দিতে রাজি হয়।সাধারণত দেশে প্রতি মাসে ডিজেলের ব্যবহার এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ মেট্রিক টন। বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উত্তারঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক বোরো চাষের কারণে ডিজেলের চাহিদা বেড়ে যায়। তবে এবার চাহিদা অস্বাভাবিক বেড়েছে বলে কর্মকর্তারা জানান।