চলতি মাসেই অষ্টম মজুরি বোর্ড চূড়ান্ত হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

চলতি জুন মাসের মধ্যেই সংবাদপত্রের কর্মীদের জন্য অষ্টম মজুরি বোর্ড অনুযায়ী মজুরি চূড়ান্ত করা হবে। আজ রোববার নিজ কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতাদের সঙ্গে বৈঠককালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজ-কালের মধ্যেই অন্যান্য সাংবাদিক নেতার সঙ্গে আলোচনা হবে। এ ছাড়া বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তথ্যসচিবের কথা হয়েছে। প্রথা অনুযায়ী জুনের মধ্যে আপনারা (সাংবাদিকেরা) নতুন মজুরি পাবেন।’
যেসব প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা নিয়েও মজুরি বোর্ড বা মহার্ঘ ভাতা বাস্তবায়ন করছে না, ওই প্রতিষ্ঠানকে কৈফিয়ত তলব করা হবে, এমনকি প্রয়োজনে সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন মন্ত্রী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে সাংবাদিক নেতারা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। মন্ত্রী তাঁদের এসব বিষয়ে ভেবে দেখার আশ্বাস দেন।