চলতি মাসেই তিন শিক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি মাসেই তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে তিন দিনের ব্যবধানে আত্মহত্যা করেন দুজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যর্থতা, পরিবারের প্রতি অভিমানসহ নানা কারণে হতাশা থেকে তাঁরা আত্মহত্যা করেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ে পরামর্শক (মনোরোগ চিকিৎসক) থাকলে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব হতো। তাঁরা যত দ্রুত সম্ভব পরামর্শক নিয়োগেরও দাবি জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাত ফারহাত রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকার একটি ছাত্রীনিবাসে আত্মহত্যা করেন। তিনি ওই ছাত্রীনিবাসে থাকতেন। বাবা তাঁকে মনোবিজ্ঞান বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নিজের পছন্দে চারুকলা বিভাগে ভর্তি হন নিশাত। এ কারণে বাবার সঙ্গে তাঁর কথা বন্ধ হয়। বাবার প্রতি অভিমান করেই তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার আগে বাবার প্রতি দুটি চিঠি লিখে রেখে যান।এর আগে ৭ থেকে ১০ মার্চ তিন দিনের ব্যবধানে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এর মধ্যে ৭ মার্চ লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহাকুল ইসলাম আত্মহত্যা করেন। পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী কবিতা রানী রায় ১০ মার্চ আত্মহত্যা করেন।এ ছাড়া ১০ মার্চ দর্শন বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী রকি আত্মহত্যার চেষ্টা করেন। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান ১৫ মার্চ রবীন্দ্র ভবনের সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা রোধে বিশ্ববিদ্যালয়ে পরামর্শক নিয়োগ দেওয়া জরুরি।বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুদ্দিন ইলিয়াস বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বেশির ভাগ ক্ষেত্রেই মানসিক অস্থিরতা বা আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করেন। পেশাদার পরামর্শকেরা পরামর্শ দিয়ে তাঁদের আত্মহননের পথ থেকে ফিরিয়ে আনতে পারেন। বিশ্ববিদ্যালয়ে একজন পরামর্শক থাকাও প্রয়োজন বলে তিনি মনে করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের শিক্ষক ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার জন্য মনোবিজ্ঞানী বা পরামর্শক নিয়োগ দেওয়া প্রয়োজন।যোগাযোগ করা হলে উপাচার্য আবদুস সোবহান বলেন, পরামর্শক নিয়োগের ব্যাপারে বর্তমান প্রশাসন আন্তরিক রয়েছে।