চলতি মাসেই দিল্লিতে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানিবণ্টন-সম্পর্কিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি প্রণয়নের উদ্দেশে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ-সচিবেরা। ২০ ফেব্রুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে অভিন্ন নদীর পানিবণ্টনের বিস্তারিত দিক নিয়ে আলোচনা হবে। বিশেষত তিস্তা নদীর পানিবণ্টন ইস্যু সমাধানের ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া সচিব পর্যায়ের ওই বৈঠকে যৌথ নদী কমিশনের আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। আগামী মাসের শেষের দিকে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।আসন্ন খরা মৌসুমকে সামনে রেখে তিস্তা নদীর পানিবণ্টন-সম্পর্কিত একটি আগাম অন্তর্বর্তীকালীন চুক্তির ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের ওই অভিমত তুলে ধরা হয়।সূত্র আরও জানায়, সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তি ছাড়াও ফেনী, মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীও আলোচনায় স্থান পাবে। এ ছাড়া ইছামতী নদীতে খনন (ড্রেজিং) এবং মহানন্দা, করতোয়া, নাগর, কুলিক, আত্রাই, ধরলা ও ফেনী নদী সংরক্ষণও বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।