চলতি শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা না হলে বরিশাল অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বেশ কিছুদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আসছিল ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি বাস্তবায়ন কমিটি’। এর অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর দাবি নিয়ে বরিশাল জিলা স্কুলের পরিত্যক্ত ভবনে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা এম জি কবির বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য জিলা স্কুলের যে স্থাপনা ছেড়ে দেওয়া হয়েছে, তাতে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব। এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা না হলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশ্যে সদর রোড়ে আত্মাহুতি দেব।’ সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা এই শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে আসছি। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের দাবি অনুযায়ী শিক্ষার্থী ভর্তির অনুমতি না দেওয়া হয়, তাহলে যতদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু না হবে ততদিন বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য যে অবকাঠামো প্রয়োজন তা বরিশালে রয়েছে। আমি বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরব। আমার বিশ্বাস, মন্ত্রী এই দাবির পক্ষেই থাকবেন।’ শিক্ষাবিদ মো. হানিফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ এম মজিবুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন, বাবুগঞ্জ কলেজের অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান প্রমুখ। এর আগে গতকাল সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।