চলতি সংসদেই দুদক আইন পাস হবে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চলতি সংসদ অধিবেশনে সংশোধিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন পাস করা হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনে যেসব বিধান আছে, সেগুলো মেনে কাজ করলে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে। এখনো দুদক স্বাধীনভাবে কাজ করছে। আইনটিকে আরেকটু সময়োপযোগী করার জন্য পরিবর্তন আনা হচ্ছে। বিচারের দীর্ঘসূত্রতা কমানোর জন্য সরকার ইতিমধ্যেই বিচারকের সংখ্যা বাড়িয়েছে। সামনে আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, পিআইবির প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবু তাহির মো. হোসেন।