চট্টগ্রাম থেকে লাকসামের উদ্দেশে যাত্রা শুরু করার প্রায় ৪০ মিনিট পর একটি ডেমু ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। গতকাল রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরা স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটি থেমে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, দুই সেটের (প্রতি সেটে তিনটি বগি) ডেমু ট্রেনটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভাটিয়ারি স্টেশন পার হওয়ার পর ডেমু হঠাৎ থেমে যায়। এরপর পেছনের সেটের ইঞ্জিন দিয়ে (প্রতি সেটে ইঞ্জিন থাকে) ট্রেনটি কুমিরা স্টেশনে টেনে নিয়ে যাওয়া হয়।
ফেনীগামী ডেমু ট্রেনের যাত্রী বিশ্বজিৎ ভৌমিক গতকাল রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাটিয়ারি স্টেশন পার হওয়ার পর ট্রেনটি হঠাৎ থেমে যায়। ট্রেনের ভেতরে যাত্রী ঠাসা। কখন ট্রেনটি আবার যাত্রা করবে, তা কেউ বলতে পারছে না।
রেলওয়ের পাহাড়তলী নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ডেমু ট্রেনের প্রথম সেটের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। পেছনের সেটের ইঞ্জিন দিয়ে ধীরগতিতে ডেমু ট্রেনটিকে কুমিরা স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যান্ত্রিক প্রকৌশল বিভাগের কর্মীরা রাত সোয়া আটটা নাগাদ পৌঁছেছেন। তাঁরা ত্রুটি সারানোর কাজ শুরু করেছেন।
কুমিরা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মাহমুদুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ডেমু ট্রেনটি হঠাৎ বিকল হলেও অন্য ট্রেনগুলোর সূচিতে তা কোনো প্রভাব ফেলেনি।
চীন থেকে আমদানি করা ডেমু ট্রেনের প্রতি সেটে তিনটি বগি রয়েছে। প্রথম ও তৃতীয় বগিতে ইঞ্জিন রয়েছে। সেই ইঞ্জিন দিয়ে ডেমু চলে। আর চট্টগ্রাম-লাকসাম রেলপথে দুই সেট ডেমু জোড়া লাগিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেমু ট্রেনটির সামনের সেটের ইঞ্জিনে সমস্যা হয়েছে। ত্রুটি সারানোর কাজ শুরু হয়েছে।