রাজধানী উত্তরার ৩ নম্বর সেক্টরের প্রায় সব সড়কেই ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে সংস্কার করায় রাস্তাগুলো উঁচু-নিচু হয়ে গেছে। জায়গায় জায়গায় রাস্তার ঢালাই উঠে যাওয়ায় সড়কগুলো মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘর থেকে বোরোলেই ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
গত শুক্রবার ৩ নম্বর সেক্টর ঘুরে দেখা গেল, ১, ২, ৪, ৫, ৬, ৭, ৭/এ, ৭/বি, ৭/সি, ৮, ১০, ১৪ ও ২০/এ নম্বর রাস্তার প্রতিটিতেই রয়েছে ছোট-বড় নানা আকারের গর্ত। উঠে গেছে রাস্তার কার্পেটিং। বৃষ্টি হলেই জমছে পানি। এর মধ্যে ৪ নম্বর সড়কের শুরু ও শেষ মাথা, ৫ নম্বরে ঢোকার মুখ, ৭/এ-এর শুরু ও শেষ, ৭/বি-এর শেষ অংশ, ৬, ১০, ২০/এ নম্বরের বিভিন্ন স্থানে এবং ১৪ ও ২০ নম্বরের শুরুর অংশটা খুবই বাজে অবস্থায় আছে।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৩ নম্বর সেক্টরে বিভিন্ন নম্বরের ভিত্তিতে ১ থেকে ২০ পর্যন্ত রাস্তা থাকার কথা থাকলেও ১৭ ও ১৯ নম্বর রাস্তা দুটি নেই। ১৩ নম্বর রোডের বাসিন্দা শাহীন হোসেন বলেন, ‘রাস্তাগুলোয় চলতে-ফিরতে অনেক ভোগান্তি। বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন হাঁটতে গেলে পায়ের গোড়ালি কাদায় দেবে যায়। তার ওপর রাস্তাগুলো উঁচু-নিচু হয়ে আছে।’
এলাকা ঘুরে দেখা গেছে, এলাকাবাসী নিজেদের অর্থায়নেই কংক্রিট, টাইলস, ইট-সুরকি দিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করছেন। কোথাও কোথাও চোখে পড়ে পানি নিষ্কাশনের ভাঙাচোরা ড্রেন। রাস্তার ওপরই রাখা হয়েছে নির্মাণসামগ্রী।
এ বিষয়ে ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাযিব উদ্দীন কোরেশি বলেন, ‘রাস্তাগুলোর অবস্থা তো ভয়াবহ খারাপ। ঠিকমতো মেরামত করা হয় না। করলেও সেগুলো টেকে না। আসলে মেরামতের কাজটাতেই আন্তরিকতার অভাব থাকে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেও এমন হতে পারে। আর এ বছর বেশি বৃষ্টি হওয়ায় রাস্তাগুলো দ্রুতই নষ্ট হয়ে গেছে।’
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের মধ্যে পড়েছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই সেক্টরের রাস্তাগুলোর সংস্কারকাজের বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। দ্রুতই এটার বাস্তবায়ন শুরু হবে। চলতি অর্থবছরে এ এলাকার জন্য আলাদা বাজেট রাখা হয়েছে। উন্নয়ন তো অবশ্যই হবে। চোখে পড়ার মতো ভালো কাজই হবে। সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে কাজে হাত দেব। তখনই এ সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে। আমরা সেভাবেই আগাচ্ছি।’