চলতে-ফিরতে স্বস্তি চান নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত পোহালেই গাজীপুর সিটি নির্বাচন। প্রথম আলো ফাইল ছবি
রাত পোহালেই গাজীপুর সিটি নির্বাচন। প্রথম আলো ফাইল ছবি

গাজীপুরেও বাস বা কোনো পরিবহনে চড়তে বেশ ঝক্কি পোহাতে হয় নারীদের। গত পাঁচ বছরে এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ আসেনি—বলছেন নারী ভোটাররা। সেই সঙ্গে নিরাপত্তার শঙ্কা তো আছেই। নতুন নগরপিতার কাছে তাই নারীবান্ধব, নিরাপদ ও উন্নত গাজীপুর শহর দেখতে চান নারীরা।

রাত পোহালেই নির্বাচন। মেয়র প্রার্থীদের বেশির ভাগেরই সরাসরি দর্শন না মিললেও তাঁদের প্রতিনিধিরা ভোট চেয়ে এসেছেন নারীদের কাছে। গাজীপুরের ১১ লাখ ৩৭ হাজার ভোটারের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। পুরুষ ভোটারের চেয়ে দুই হাজার নারী ভোটার বেশি এই সিটিতে।

সেখানকার এক স্কুলশিক্ষক মাহমুদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এই শহরে রাস্তায় উত্ত্যক্তের শিকার হয় অনেক মেয়ে। আমাদের মেয়েরা যেন শান্তিতে চলতে পারে, মেয়রের কাছে সেটাই চাই।’

গৃহিণী শামসুন্নাহারেরও একই কথা, ‘চলতে-ফিরতে স্বস্তি চাই।’

গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র এম এ মান্নান বিএনপিপন্থী হওয়ায় গাজীপুরের উন্নতি হয়নি বলেন গৃহিণী লুতফা বেগম। তিনি বলেন, ‘বিরোধী দল থেকে মেয়র থাকায় সিটি হিসেবে গাজীপুরের উন্নতি কিছুই হয় নাই। শহরের ভেতরে নতুন কোনো রাস্তা হয় নাই। হাসপাতাল রোডে গিয়ে দেখেন, কী অবস্থা। রাষ্ট্রপতি আসার আগে কোনো রকম পিচ দিছিল, কিন্তু উনি যাওয়ার পরেই আবার উইঠা গেছে।’ এবার যিনি মেয়র হবেন রাস্তাঘাটের উন্নয়নে নজর দেবেন—এমনটায় আশা করছেন তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়মুনা আক্তার বলেন, ‘হাসপাতালের সড়ক দিয়ে যাতায়াত করলে সুস্থ মানুষেরও কষ্ট হয়।’

ঢাকার মতো যানজটে নাকাল গাজীপুরবাসীও। হরহামেশা তীব্র আকারের যানজটের সৃষ্টি হয় রাস্তাঘাটে। যানজটের কারণে কলেজে পৌঁছাতে ঘণ্টাও পার হয়ে যায়—বললেন সোনিয়া আক্তার। যিনিই মেয়র হবেন, যানজট কমানোর যেন ব্যবস্থা করেন—নতুন মেয়রের কাছে এটাই চাওয়া বলে জানান গাজীপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী। এবারই প্রথম ভোটার হয়েছেন তিনি।

একই কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষিকা বলেন, চৌরাস্তায় দাঁড়ালে দেখা যায়, মেয়েরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছে না। কলেজ, স্কুলে বা অফিসে অনেক মেয়েরাই আসে। মেয়র যেন নারীদের আলাদা পরিবহনের ব্যবস্থা করেন। নারীদের এখন আগের মতো আলাদা করে জায়গা দিতে চান না পুরুষেরা। এ জন্য মেয়রকে এগিয়ে আসতে হবে।

তবে কেবল রাস্তাঘাটের উন্নয়ন নয়, নতুন মেয়রের কাছে নারীবান্ধব ব্যবসায়িক পরিবেশ চান বলে জানালেন কেউ কেউ। জয়দেবপুর রাজবাড়ি সড়কে ডাব বিক্রি করেন মমতা বেগম। তিনি নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, এত দিন চাঁদা নিয়ে ঝামেলা হয়নি। এখন নতুন মেয়র আসার পর যেন তাঁর লোকজন উৎপাত না করে। এ সড়কেই কথা হয় সালমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, কয়েক বছরে অনেক অটোরিকশা বেড়েছে। এদের নিয়ন্ত্রণ দরকার।

গাজীপুরের নারীরা চান, যিনিই জয়ী হন, দলীয়করণসহ ত্রাস যেন সৃষ্টি না করেন। ভোটের আগের ব্যবহারটা যেন ভোটের পরেও থাকে।