চলনবিল ইজারা দিলেন নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলে বানার বাঁধ, সুতিজাল দিয়ে নির্বিচারে মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী শিকার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা মসজিদের নামে বিলের বিভিন্ন এলাকা ‘ইজারা’ দিয়ে এসব জলজ প্রাণী শিকারের ব্যবস্থা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবেশবিদেরা বলছেন, এর ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিলের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
এলাকার অনেকে জানান, নাটোরের সিংড়ার অধিকাংশ এলাকা চলনবিলবেষ্টিত। বিলে বর্ষার পানি চলে আসায় এসব এলাকায় মাছশিকারিদের তৎপরতা বেড়েছে। চলনবিলের দমদমা, জোলার বাতা, সাতপুকুরিয়া, তাজপুর, হিজলী, তিশিখালী, ডাহিয়া, চৌগ্রাম, কলম ও শেরকোল এলাকায় বানার বাঁধ এবং সুতিজাল দিয়ে ছোট-বড় মাছ, কাঁকড়া ও শামুক নিধন করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সিংড়ার জোলার বাতা-দক্ষিণ দমদমা এলাকায় জলাশয়ের এক কিলোমিটারের বেশি অংশ বাঁধ দিয়ে ঘেরা। এ সময় কথা হয় বাঁধে ভাইড় পাতার কাজে ব্যস্ত বিলদহর গ্রামের আসাদ আলীর সঙ্গে। তিনি বলেন, দক্ষিণ দমদমার পূর্বপাড়া জামে মসজিদ ও পশ্চিমপাড়া জামে মসজিদসংলগ্ন বিলের অংশ এক লাখ ৩৫ হাজার টাকায় ইজারা নিয়ে তাঁরা মাছ শিকার করছেন। তাঁদের সঙ্গে সিংড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, তাঁর অনুসারী বাহার উদ্দিন ও মোস্তা উদ্দিন রয়েছেন। দক্ষিণ দমদমার পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আবদুস সোবহান ওই অংশ ইজারা দেওয়ার কথা স্বীকার করে জানান, ইজারার টাকা ওই দুই মসজিদে ভাগ করে নেওয়া হয়েছে। এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করা হবে। তিনি নিজেকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে জানান, যাঁরা ইজারা নিয়েছেন তাঁরাও দলের নেতা-কর্মী।
মসজিদের পক্ষে বিল ইজারা দেওয়ার নিয়ম আছে কি না, জানতে চাইলে সোবহান বলেন, ‘আমাদের অত সব আইনটাইন জানা নাই। তবে আমরা জানি তাঁরা (ইজারা গ্রহীতা) ছোট মাছ ও কাঁকড়া-শামুক ধরেন না।’
মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবছরই মসজিদের নামে বিলের বিভিন্ন অংশ ইজারা দেওয়া হয়। এবার আমরা ডাকের মাধ্যমে ইজারা পেয়ে মাছ শিকার করছি।’
৩ নম্বর ওয়াডের্র কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, এই দুটি মসজিদ ছাড়াও তিনটি স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ মাছ ধরার ইজারা দিয়ে মসজিদের খরচের টাকা জোগাড় করে। অনেক আগে থেকেই এটা করা হচ্ছে।
সাতপুকুরিয়া-তাজপুর বিলে তাড়াশ-বারুহাস রাস্তার পাশে বাঁধ দিয়ে সুতিজাল পেতেছেন তাজপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী ধলু প্রাং। সাতপুকুরিয়া স্কুলের পাশে জাল পেতেছেন সোহরাব আলী। তিশিখালী মাজারের পাশে মাছ শিকার করছেন হিজলী গ্রামের আওয়ামী লীগের কর্মী বেলাল খাঁ।
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও ত্রিমোহনী বিলহালতি ডিিগ্র কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান জানান, ‘চলনবিলে বানার বাঁধ ও সুতিজাল দেওয়ায় সব ধরনের মাছ ও জলজ প্রাণী অবাধে চলাচল করতে পারছে না। এতে মাছ, কাঁকড়া, শামুকসহ ছোট পোকামাকড় বিলুপ্ত হচ্ছে। আমরা এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করছি।’
সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘মৎস্য আইন মেনে চলতে আমরা এলাকাবাসীকে বারবার সতর্ক করেছি। এমনকি বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কয়েকজনকে সাজা দিয়েছি। সুতিজাল ধ্বংস করেছি। বিস্তীর্ণ এলাকা হওয়ায় সব অপরাধীকে আইনের আওতায় আনা যায়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, ‘মৎস্য সংরক্ষণ আইনে মা-মাছ মারা নিষেধ। সাতপুকুরিয়া, তেলিগ্রাম, শেরকোলসহ বিল এলাকায় অভিযান চালিয়ে জাল ধরে পোড়ানো হয়েছে। আর দক্ষিণ দমদমা জোলার বাতা এলাকার বিল ইজারা দেওয়ার ঘটনাটি আমার জানা নেই। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’