চলনবিল এলাকায় স্থানীয় প্রশাসনের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় চলনবিল ও হালতি বিলের সুতিজাল এবং বাঁশের বেড়া উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ১০টি সুতিজাল ও ২৬টি বাঁশের বেড়া উচ্ছেদ করে পোড়ানো হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, ১৭ নভেম্বর প্রথম আলোতে ‘বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে প্রকাশিত সংবাদের সূত্র ধরে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে চলনবিল ও হালতি বিল এলাকার অবৈধ সুতিজাল ও বাঁশের বেড়া উচ্ছেদের নির্দেশ দেন। এই কাজে সহযোগিতার জন্য তিনি বুধবার জেলা সদর থেকে তিনজন নির্বাহী হাকিমকে সিংড়ায় পাঠান। পরে নির্বাহী হাকিম নবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুরাদুল ইসলাম ত্রিমোহনী, চলনবিলের ডাহিয়া ও কালীগঞ্জ এলাকা থেকে ১০টি সুতিজাল এবং ২৬টি বাঁশের বেড়া উচ্ছেদ করেন। সন্ধ্যায় উদ্ধার করা জাল ও উচ্ছেদ করা বাঁশের বেড়া আগুনে পোড়ানো হয়। নির্বাহী হাকিম ছাড়াও এই অভিযানে ৭৫ জন পুলিশ ও শ্রমিক অংশ নেন।
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, অবাধে মাছ শিকার করায় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।