চলনবিল ভরাট করা অবকাঠামো সরিয়ে ফেলা হচ্ছে
অবশেষে নাটোরের সিংড়ায় সড়ক ও জনপথ বিভাগের সেতুর মুখ ভরাট করে নির্মাণ করা আবাসন প্রকল্পের অবকাঠামো গতকাল রোববার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। সওজের নির্দেশে প্রকল্প কর্তৃপক্ষ এসকিউবেটরের মাধ্যমে ভরাট করা বালু সরিয়ে ফেলছে।প্রথম আলোয় গত ১২ সেপ্টেম্বর ‘চলনবিল ভরাট করে আবাসন প্রকল্প’ শিরোনামে খবর প্রকাশের পর এ উদ্যোগ নেওয়া হয়। গতকাল সিংড়ায় চলনবিলের কাটাপুকুরিয়া ও দমদমা এলাকায় গিয়ে দেখা যায়, মোহাম্মদ হাউজিং নামের ওই প্রকল্পের কর্মচারীরা সওজের সেতুর মুখের বালু এসকিউবেটরের মাধ্যমে সরিয়ে ফেলছে। সকাল থেকে শুরু হওয়া ওই কাজ দুপুর অবধি চলছিল। প্রকল্পের একজন অংশীদার রাজ্জাক খামারু মুঠোফোনে বলেন, ‘খবর প্রকাশের পর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমরা নিজেদের উদ্যোগে সওজের জমি খালি করে দেওয়ার কাজ শুরু করেছি। এতে সওজের সেতু দিয়ে চলনবিলের পানি প্রবাহে আর সমস্যা হবে না।’ সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজি ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা (প্রশাসন) সবাই অসহায় হয়ে পড়েছিলাম। প্রথম আলোর খবরে দেরিতে হলেও কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন করছেন। তবে জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকায় আমরা বিস্মিত হচ্ছি। আশা করছি তারাও জলাধার সংরক্ষণ আইন-২০১১ যথাযথ বাস্তবায়ন করবে।’ নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘আমরা আগেও তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছিলাম। পত্রিকায় খবর প্রকাশের পরও তাদের চিঠি দিয়ে তাগিদ দেওয়া হয়েছে।’