চলনবিলজুড়ে বোরো ধানের চারা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরসহ চলনবিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে বোরো ধানের চারাসংকট চলছে। এ সুযোগে বিক্রেতারা আশপাশের জেলা থেকে চারা সংগ্রহ করে স্থানীয় বাজারে বেশি দামে বিক্রি করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত নভেম্বর মাস থেকে চলনবিল অঞ্চলজুড়ে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলা এলাকা নিয়ে চলনবিল অঞ্চল। বর্ষায় এসব উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে থাকে। বর্ষার পানি নেমে যাওয়ার পর বিস্তীর্ণ এলাকায় ইরি-বোরো ধানের আবাদ হয়। ২০১০ সাল থেকে এই এলাকায় নরম কাদামাটিতে সরিষা আবাদের প্রচলন শুরু হয়। চলনবিল অঞ্চলজুড়ে ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করে পরে বোরো আবাদ হচ্ছে। ফলে এসব কৃষক বাড়তি আয়ের পথ দেখছেন।
গতকাল শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় হাটে গিয়ে দেখা গেছে, কমপক্ষে ১৫ জন ব্যক্তি বোরো ধানের চারা নিয়ে বিক্রির অপেক্ষায় রয়েছেন। দল বেঁধে কৃষকেরা তাঁদের ঘিরে দরদাম করছেন। একমুঠো বোরো-২৯ জাতের চারা ২ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা দামে বিক্রি হচ্ছে। অথচ গত বছর একমুঠো চারা এক টাকার কম দরে বিক্রি হয়েছে বলে কৃষকেরা বলেন।
উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাহদহ গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, তিনি এক বিঘা জমিতে সরিষা করেছিলেন। সেই সরিষা তুলে এখন বোরোর জমি প্রস্তুত করেছেন। কিন্তু বোরো ধানের চারা পাচ্ছিলেন না। গতকাল হাটে চারা মিললেও দাম অনেক বেশি। তাঁর এক বিঘা জমির জন্য কমপক্ষে ৪০০ মুঠো চারা দরকার।
চাঁচকৈড় হাটের ছয়জন চারা বিক্রেতা বলেন, স্থানীয় কৃষকদের চারার চাহিদা মেটাতে তাঁরা বগুড়া, শেরপুর, জয়পুরহাট জেলা থেকে চারা কিনে এনে এখানে বিক্রি করে বাড়তি আয় করেন। চাঁচকৈড় হাট ছাড়াও বনপাড়া, মৌখাড়া, তাড়াশ, সিংড়াসহ চলনবিলের বিভিন্ন হাটবাজারে তাঁরা ব্যবসা করেন।
যোগেন্দ্রনগর গ্রামের বিক্রেতা আককাছ আলী (৮০) বলেন, চলনবিল অঞ্চলজুড়ে ছিটিয়ে বোনা সরিষা চাষের প্রবণতা বেড়েছে। তাই প্রতিবছরই শেষ সময়ে এসে বোরো ধানের চারাসংকট দেখা দেয়। এবার তিনি এক বিঘা জমিতে বোরোর বীজতলা করেছিলেন। কিন্তু শীত ও ঘন কুয়াশার কারণে পাঁচ কাঠা বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে বেশি দামে বিক্রি করায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ কৃষক বোরো রোপণ করে ফেলেছেন। তবে কিছু কৃষক বর্ষার পানি নেমে যাওয়ার পর নরম কাদামাটিতে সরিষা রোপণ করেছিলেন। এখন সরিষা উঠিয়ে সেসব জমিতে বোরো রোপণ শুরু হয়েছে। এ কারণে বোরো ধানের চারার সংকট দেখা দিয়েছে। তাই এ সময়ের সংকট নিয়ে কৃষি কার্যালয়ের তেমন কিছু করার নেই।