চলনবিলে অবাধে চলছে পাখি শিকার
পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার চলনবিল অঞ্চলে ঝাঁকে ঝাঁকে দেশি ও অতিথি পাখি নিধন হচ্ছে। শৌখিন ও পেশাদার পাখিশিকারিরা বন্দুক, বিষটোপ, জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন করছেন। এতে একদিকে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ফসলি জমিতে ক্ষতিকর পোকার আক্রমণ বাড়ছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী কার্যালয় সূত্র জানায়, ১৯৭৪ সালে বন্য প্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দণ্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। একই অপরাধের পুনরাবৃত্তি হলে অপরাধীর দুই বছরের জেল, দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে এই আইনের কোনো প্রয়োগ হচ্ছে না। এ প্রসঙ্গে চলনবিল এলাকার বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, পাখিরা শুধু প্রকৃতির শোভা বর্ধন করে না, ভারসাম্যও রক্ষা করে। পোকামাকড় খেয়ে এরা কৃষকের উপকার করে। কিন্তু আইন থাকলেও পাখি নিধন বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেই। এ কারণে দেশ থেকে নানা প্রজাতির পাখি বিলুপ্ত হচ্ছে।
পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চলের বাসিন্দারা জানান, শীতের শুরুতেই বিলের পানি নেমে যায়। এ সময় অল্প পানিতে খাবার সংগ্রহের জন্য বিলে প্রচুর দেশি ও অতিথি পাখি আসে। চলতি বছর বিলে আমন ধানের আবাদ ভালো হয়েছে। প্রচুর মাছও দেখা যাচ্ছে। ফলে চলনবিলে ঝাঁকে ঝাঁকে বালিহাঁস, বাটুল, চখাচখি, শামখোল, পানকৌড়ি, বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বসতে শুরু করেছে। আর এ সুযোগে একশ্রেণীর শৌখিন ও পেশাদার পাখিশিকারি বন্দুক, বিষটোপ, কারেন্ট জাল ও ফাঁদ পেতে প্রতিনিয়ত পাখি নিধন করছেন। প্রকাশ্যে এসব পাখি বিক্রি হচ্ছে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
গত ২২ নভেম্বর চলনবিলের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বর্ষার পানি নেমে যাওয়ায় বিস্তীর্ণ বিল এলাকায় দ্বীপের মতো অনেক এলাকা তৈরি হয়েছে। শত শত সাদা বক ও পানকৌড়ি এখানে আশ্রয় নিয়েছে। কিছু মানুষ লাঠি হাতে পাখিগুলোকে তাড়া করে বেড়াচ্ছে। আর তাড়া খেয়ে জালে ও ফাঁদে পড়লে পাখিগুলোকে খাঁচায় আটকানো হচ্ছে।
চাটমোহর সদরের পেশাদার পাখিশিকারি আমিরুল ইসলাম জানান, বাজারে পাখির প্রচুর চাহিদা রয়েছে। তাই কোনোমতে ধরতে পারলেই বিক্রি করতে সমস্যা হয় না। প্রতি জোড়া সাদা বক ২৫০ থেকে ৩০০ টাকা, চখাচখি ১০০ থেকে ১২০, কাইয়ুম পাখি ৩৫০ থেকে ৪০০ ও বালিহাঁস ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। ফলে বেশি লাভের আসায় অনেকেই মাছ ধরা বাদ দিয়ে পাখি শিকার করছেন।
নাটোরের বড়াইগ্রামের পাখিশিকারি গোলাপ হোসেন জানান, চলনবিল এলাকায় সবচেয়ে বেশি পাখি নামে চাটমোহরের বিলকুড়ালিয়া, খলিশগাড়ী, চিরইল, জিয়েলগাড়ী, বিল ডিকশি ও চাতরার বিলে। ফলে এই বিলগুলোতে শিকারিদের আনাগোনাও বেশি। বিল অঞ্চলে প্রশাসনের কোনো লোকজনও আসেন না।
চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণকৃষ্ণ হালদার প্রথম আলোকে বলেন, ‘পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের করার কিছু নেই। এটা বন বিভাগের দেখার দায়িত্ব।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘আইন থাকলেও লোকবলসংকটে আমরা তা প্রয়োগ করতে পারি না। রাজশাহী ছাড়া কোনো জেলায় আমাদের লোকজন নেই। এর পরও রাজশাহী থেকে গিয়ে আমরা অভিযান চালাই। পাখি নিধন বন্ধে চলনবিল অঞ্চলেও অভিযান চালানো হবে।’