চলনবিলে আমনের চারা সংকট
দক্ষিণ চলনবিল এলাকায় (নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের কয়েকটি উপজেলা নিয়ে গঠিত) রোপা আমনের চারার সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নষ্ট হয়ে যাওয়ায় চারার সংকট সৃষ্টি হয়েছে। নতুন চারা সংগ্রহ করে জমি তৈরি করে আবাদ করতে গিয়ে চাষিদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চলনবিলের অপেক্ষাকৃত উঁচু জমিতে তৈরি বীজতলা ও রোপণ করা রোপা আমনের খেত পানিতে তলিয়ে যায়। বৃষ্টি শেষ হওয়ার পর রোপা আমনের খেত থেকে পানি নামতে শুরু করলেও বীজতলা ও রোপণ করা ধানের চারা গাছগুলো মরে-পচে যাচ্ছে। এ কারণে চারা-সংকটের সৃষ্টি হয়েছে। এ কারণে চারা-সংকট সৃষ্টি হওয়ায় চলনবিলের চাঁচকৈড়, নাজিরপুর, বনপাড়া, মৌখাড়া, মির্জাপুর, চাটমোহর, সিংড়া ও তাড়াশে গড়ে উঠেছে ধানের চারা বিক্রির হাট। বগুড়া, রাজশাহীর তানোর থেকেও চারা কিনে এনে স্থানীয় হাটবাজারে চারা বিক্রি করছে।শনিবার চাঁচকৈড় হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি আঁটি চারা তিন টাকায় বিক্রি হচ্ছে। আমদানির তুলনায় ক্রেতা বেশি হওয়ায় কাটতি বাড়ছে, দামও বেশি। গত রোববার বনপাড়া হাটে খোঁজ নিয়ে দেখা গেছে, ঢাকা-পাবনা মহাসড়কের পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে ধানের চারা বিক্রির হাট। চারা কিনতে আসা কৃষক আসমত আলী, নবীর ব্যাপারী ও আলেক চাঁদ জানান, তারা নিজেরাই বীজতলা তৈরি করে রোপা আমনের আবাদ করেছিলেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে লাগানো ধানের চারা গাছগুলো পানিতে ডুবে যাওয়ায় নতুন করে তাঁদের চারা সংগ্রহ করতে হচ্ছে।তাড়াশের ঈশ্বরপুর গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, তাঁর তিন বিঘা জমিতে রোপা আমন ছিল। অতিবৃষ্টি ও ঢলের পানিতে লাগানো ধানখেত তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার পর লাগানো ধানের চারাগুলো সব পচে গেছে। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নারায়ণচন্দ্র বসাক জানান, বৃষ্টিতে অপেক্ষাকৃত নিচু এলাকায় রোপা আমনের কিছুটা ক্ষতি হলেও উঁচু এলাকায় তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, রোদে ডুবে যাওয়া ধানের চারাগুলো জেগে উঠছে। কোনো ক্ষতি হবে না।