চলনবিলে চাঁই বিক্রির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুদাসপুরসহ আশপাশের উপজেলা থেকে চাঁই বিক্রির জন্য আনা হয়েছে। ছবিটি গতকাল চাঁচকৈড় হাট থেকে তোলা
গুরুদাসপুরসহ আশপাশের উপজেলা থেকে চাঁই বিক্রির জন্য আনা হয়েছে। ছবিটি গতকাল চাঁচকৈড় হাট থেকে তোলা

বর্ষা মৌসুমে চলনবিলের হাটগুলোতে মাছ ধরার উপকরণ চাঁই বিক্রি জমে উঠেছে। এখানকার তৈরি চাঁই স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। গুণগত মান ভালো হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন চাঁইশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। চলনবিলের নিম্ন¤আয়ের অনেক পরিবার বাড়তি আয়ের উৎস হিসেবে চাঁই তৈরিকে বেছে নিয়েছে।

বাঁশ ও তালগাছের কাণ্ডের আঁশ, কান্তি দিয়ে তৈরি এই চাঁই বর্ষাকালে বিভিন্ন জলাশয়ে ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। মাছ ধরার এসব ফাঁদ তৈরি করে প্রতিটি পরিবার দিনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করে থাকে। পরিবারের প্রায় সব সদস্যই চাঁই তৈরির কাজে জড়িত থাকেন। এ বছর চলনবিলসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় চাঁইয়ের চাহিদা বেড়েছে।

চাঁই তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁই তৈরি করে লাভবান হওয়ায় এ অঞ্চলের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা সারা বছরই মাছ ধরার বিভিন্ন ধরনের চাঁই তৈরি করছেন। চলনবিল এলাকার কয়েক হাজার মানুষ এই শিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করলেও এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি তেমন কোনো উদ্যোগ নেই। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা কোনো রকমে এ পেশায় টিকে আছেন।

চাঁই, বিভন্ন এলাকায় ধন্দি, বানা, খাদন, খালই, বিত্তি ও ভাইর নামে পরিচিত। বিলপাড়ের নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবরিষা, চলনালী, শিধুলি, চরকাদহ, উদবারিয়া, পোয়ালশুড়া, সোনাবাজু, সাবগাড়ী, যোগেন্দ্রনগর; বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া, শ্রীরামপুর; সিংড়া উপজেলার কালিনগর, বিলদহর, কৃষ্ণনগর, নুরপুর; পাবনার চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর, হান্ডিয়ালসহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ; বগুড়া, নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার নিম্ন¤আয়ের বিপুলসংখ্যক মানুষ বর্তমানে চাঁই তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

গতকাল শনিবার উপজেলার শিক্ষাসংঘ সড়কের পাশে চাঁচকৈড় হাট ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটিার এলাকাজুড়ে শুধু চাঁই আর চাঁই। চাঁইশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গুরুদাসপুরের চাঁচকৈড় হাট ছাড়াও নয়াবাজার হাট, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার বিভিন্ন হাটে নানা রকম চাঁই বিক্রি হচ্ছে। এক জোড়া চাঁই (খোলসুন) আকারভেদে ৪৫০ থেকে ৫০০ টাকা, বিত্তি ৩০০ টাকা, ভারই ৩০০ টাকা, ধন্দি ২৫০ টাকা, বানা ৪০০ টাকা, খাদন ৪৫০ টাকা ও খালই ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাঁচকৈড় হাটে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা ক্রেতা রহমত আলী ও নওগাঁ থেকে আসা আমিরুল ইসলাম বলেন, চলনবিলের গুরুদাসপুরের বিভিন্ন হাটে কম দামে চাঁই পাওয়ায় তাঁরা কিনেছেন।

গুরুদাসপুরের দাদুয়া গ্রামের করিম ব্যাপারী জানান, বছর পাঁচেক আগে তিনি নিজেই চাঁই তৈরি করতেন। এখন প্রতি সপ্তাহে তাঁর পরিবার থেকে ৭-৮টি করে চাঁই তৈরি করছেন। ৮টি খোলসুন তৈরিতে ২০০ টাকা ব্যয় হয়। বিক্রি করেন ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা।

খুচরা বিক্রেতা মজিবর রহমান বলেন, তিনি চাঁই প্রস্তুতকারীদের কাছ থেকে আকারভেদে একেকটি ২০০ থেকে ২৫০ টাকায় কিনে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেন। তা ছাড়া চলনবিলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি বাড়ায় বর্তমানে চাহিদা অনেক বেশি। এ কারণে দামও বেশি।

ঢাকা থেকে আসা ব্যাপারী কোরবান আলী বলেন, প্রতি হাটে তিনি প্রায় এক লাখ টাকার চাঁইসহ মাছ ধরার বিভিন্ন প্রকারসামগ্রী কিনে তা ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। এতে তার খরচ বাদে প্রায় ২০ হাজার টাকা লাভ হয়।

চাঁচকৈড় হাটের ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক আনিসুর রহমান মোল্লা বলেন, বর্তমানে এই হাটে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার মাছ ধরার সামগ্রী বিক্রি হয়। চলনবিল এলাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ এ হাটে এসব সামগ্রী কিনতে আসেন।