চলনবিলে ধানের চারা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় চলনবিলের খেতগুলো তলিয়ে গিয়েছিল। এখন পানি নামতে শুরু করেছে। ধানের চারার কোনো অস্তিত্ব নেই। আমন ধানের চারার এখন সংকট চলছে চলনবিল এলাকাজুড়ে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেমনগর গ্রাম থেকে আমন ধানের চারা কিনতে আসা কৃষক আসাদুজ্জামান বলছিলেন, সব চারা নষ্ট হয়ে গেছে। এলাকার চাঁচকৈড় হাটে ১০০-১৫০ কৃষক রোপা-আমনের চারা কেনার প্রতিযোগিতায় নেমেছেন।
গুরুদাসপুর উপজেলাসহ চলনবিল এলাকার কয়েকটি উপজেলা থেকে চারা কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা অন্যের জমি বর্গা (লিজ) নিয়ে ঋণ নিয়ে রোপা-আমনের চারা প্রস্তুত করছিলেন। বন্যায় খেতগুলো ডুবে যায়। এখন চারা–সংকট। চারার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন তাঁরা।
চারা–সংকটের সময় অনেকেই চাঁচকৈড়, নাজিরপুর, কাছিকাটা, বাড়ইগ্রামের বনপাড়া, মৌখাড়া, তাড়াশের সদর, নওগাহাটের গুরুত্বপূর্ণ ও রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ দোকান পেতে বসেছেন। এখানেই চারা কেনার জন্য ভিড় জমাচ্ছেন কৃষকেরা। চড়া দামে চারা কিনতে হচ্ছে তাঁদের।
চাঁচকৈড় হাটের চারা বিক্রেতা কফিল উদ্দিন বলেন, চলনবিলের বেশির ভাগ উপজেলার খেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চারা–সংকট চলছে। কৃষকের চাহিদার কথা ভেবে তারা বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও রংপুর জেলা থেকে চারা সংগ্রহ করে বিক্রি করছেন। এ কারণে দাম বেশি।
কৃষক আখের আলী জানান, বন্যার আগে এক বিঘা জমির জন্য ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকার চারা লাগত। এখান চারা কিনতে আরও ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দিতে হচ্ছে। ধান লাগানোর খরচ বেড়েছে।
সমন্বিত সেচ উন্নয়ন করপোরেশন প্রকল্প গুরুদাসপুর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, বর্ষার শুরুতে চলনবিলের অপেক্ষাকৃত উঁচু জমিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে রোপা-আমনের বাড়তি আবাদ হয়। এবারের বন্যায় অধিকাংশ খেতের রোপা-আমনের ক্ষতি হয়েছে।
তবে কৃষি কর্মকর্তারা বলছেন, চারার অভাবে কোনো জমি ফসলহীন পড়ে থাকবে না। অনেকে বাড়ির আঙিনা এবং উঠোনে বীজতলা করে রেখেছিল। অনেকে নিজেদের মতো করে চারা সংগ্রহ করে বন্যায় ক্ষতিগ্রস্ত জমি নতুন করে আবাদ করছেন। পাশাপাশি মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের মধ্যে ভুট্টা, গম ও সরিষার বীজ কৃষি প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে।