চলনবিলে নির্বিচারে মা মাছ নিধন
চলনবিলের নয়টি উপজেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারে ডিমওয়ালা মাছ নিধন শুরু হয়েছে। খাল-বিলে মা মাছ নিধন করলেও দেখার কেউ নেই।জানা গেছে, মৎস্যভান্ডার খ্যাত চলনবিলে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে মা মাছ ডিম দিয়ে থাকে। এ বছর মধ্য বৈশাখ থেকে চলনবিল অঞ্চলে গত বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক নিয়মেই খাল-বিল-ডোবা-নালার মা মাছগুলো ডিম ছাড়তে শুরু করেছে। কিন্তু একশ্রেণীর মাছশিকারি মা মাছ শিকার করতে হুমড়ি খেয়ে পড়েছেন।রাতে চলনবিলের তাড়াশ, উলপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর ও সিংড়া উপজেলার বিস্তীর্ণ বিলের বিভিন্ন জলাশয়ে মা মাছ শিকার করা হচ্ছে। রাতে বেশির ভাগ মাছ শিকার করে সকালে তা বাজারে তোলা হচ্ছে। বাজারে ডিমওয়ালা মাছের ব্যাপক চাহিদা এবং দামও বেশি।বর্তমান চলনবিলে বোয়াল, শোল, কই, মাগুর, পুঁটি, টাকি, টেংরা, বাতাসি, গুচি, বাইম, চিংড়িসহ প্রায় ৫০ প্রজাতির দেশি মাছের পেটে ডিম ভরা। আর এ সময় মাছশিকারি চলনবিলের খাল-বিল-ডোবা-নালায় বাদাই জাল, জালি, হেসি, খরা, বাসন, ধুন্ধি, কই জাল, মই জাল, এমনকি নিষিদ্ধ কারেন্ট জাল দিয়েও এই ডিমওয়ালা মাছগুলো নির্বিচারে নিধন করছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলনবিলে মাছ বিক্রি হয় এমন প্রায় ৬০-৭০টি হাটবাজারে এসব মাছ দেদার বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি টেংরা ৪০০ থেকে ৫০০, শোল ৪৫০ থেকে ৬৫০, পুঁটি ২৫০ থেকে ৩০০ ও শিং মাছ ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।তাড়াশ উপজেলার মৎস্য কর্মকর্তা সেলিম আকতার বলেন, ‘চলনবিল একটি বৃহৎ এলাকা। এ বছর আগাম বৃষ্টিপাত হওয়ায় ডিমওয়ালা মাছ বিলে প্রচুর পাওয়া যাচ্ছে। শিকারিরা রাতের বেলায় এসব মাছ ধরায় এবং লোকবলের অভাবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে চলনবিলের নয়টি উপজেলার মৎস্য বিভাগের সমন্বয়ে উদ্যোগ নিলে পুরো চলনবিলে ডিমওয়ালা মা মাছ নিধন বন্ধ করা সম্ভব। তবে আমি আমার উপজেলায় জনসচেতনতার জন্য অল্প সময়ের মধ্যেই মাইকিং শুরু করব।’সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু জাফর বলেন, ‘ডিমওয়ালা মাছ নিধনের খবর আমি পেয়েছি। শিগগির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছশিকারিদের মা মাছ নিধন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’