চলনবিলে নৌকা ডুবে জেলে নিহত
নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকা ডুবে ভুট্টু মিয়া (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হন আরও দুজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ভুট্টু মিয়ার বাড়ি উপজেলার শেরকোল ইউনিয়নের তেলিগ্রামে। আহত জেকের আলী (২৮) ও শাহাদত হোসেনের (৩৪) বাড়িও একই গ্রামে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে পাঁচ জেলে একটি নৌকা নিয়ে চলনবিলে মাছ ধরতে যান। ১১টার দিকে ঝোড়ো বাতাসে নৌকাটি উল্টে যায়। এ সময় ভুট্টু মিয়া নিখোঁজ হন। আহত অবস্থায় জেকের আলী ও শাহাদত হোসেনকে অন্য জেলেরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে খোঁজাখুঁজি করেও জেলেরা ভুট্টু মিয়ার সন্ধান পাননি। গতকাল বুধবার সকালে বিল থেকে একটি মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে ভুট্টু মিয়ার মরদেহ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা।