চলনবিলে বক নিধন
চলনবিলে নির্বিচারে চলছে বক নিধন। এসব বক ফেরি করে বিক্রি হচ্ছে হাটবাজারে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, পানি নামতে শুরু করায় ছোট মাছ খাওয়ার লোভে ঝাঁকে ঝাঁকে বক ভিড় জমিয়েছে চলনবিলে। সেই সুযোগে একশ্রেণীর লোভী শিকারি ফাঁদ পেতে ধরছেন এসব বক। শিকারিদের হাতবদল হয়ে এসব বক ফড়িয়াদের মাধ্যমে বিক্রি হচ্ছে হাটবাজারে। অনেকে আবার বেশি দামের আশায় খাঁচায় ভরে নিয়ে যাচ্ছেন শহরে।বক শিকারি কাশেম, আবুল ও শওকত জানান, চলনবিলের পানি নামতে শুরু করায় এখন বিলে প্রচুর মাছ মিলছে। নিভৃত বিলের আমনখেতে টংঘর তৈরি করে বক শিকার করা হয়।বক বিক্রেতা লালু মিয়া জানান, চলনবিলের বিভিন্ন এলাকার শিকারিদের কাছ থেকে তিনি প্রতি জোড়া বক ৭০-৮০ টাকায় কেনেন। এসব বক ঝুড়িতে করে মুরগির সঙ্গে নিয়ে যান ঢাকায়। সেখানে প্রতি জোড়া ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করেন। ওই বিক্রেতা জানান, রাস্তা-ঘাটে পুলিশ ও স্থানীয় পর্যায়ের কিছু নেতাকে হাত করতে লাভের অনেকটাই ব্যয় হয়ে যায়। বক বিক্রেতা রওশন আলী ও করিম মিয়া জানান, ফেরি করে বক বিক্রি করেন। দিন গেলে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় হয়। পাখি (বক) বিক্রি করা যে আইনত দণ্ডনীয় অপরাধ, তা তাঁরা জানেন না। কেউ কোনো দিন তাঁদের বলেননি। তাই নির্বিঘ্নে তাঁরা ঘুরে ঘুরে বক বিক্রি করেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিলচলন ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যসচিব ডেইজি আহম্মেদ জানান, চলনবিল অঞ্চলে মাছ খাওয়ার লোভে একসময় ৩০-৪০ প্রজাতির অতিথি পাখি আসত। কিন্তু তাদের অভয়াশ্রম নষ্ট হওয়া, খাদ্যের অভাবসহ নির্বিচারে পাখি নিধনের ফলে এসব অতিথি পাখি এখন আর চলনবিলে আসে না। তবে বক এখনো আছে। নাটোর জেলা বন কর্মকর্তা এ টি এম আবদুল্লাহ বলেন, টাকা উপার্জন ও শখের বসে অনেকে বক শিকার করছেন। তা ছাড়া পাখি নিধন বিষয়ে চলনবিলে তেমন প্রচার-প্রচারণা নেই বলেই চলে। শুধু আইন দিয়ে পাখি নিধন রোধ সম্ভব নয়।গুরুদাসপুর ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও মো. আতাউর রহমান বলেন, বিচ্ছিন্নভাবে বক নিধনের খবর শোনা যাচ্ছে। তবে কেউ অভিযোগ না দেওয়ায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।