চলনবিলে বাউৎ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থই থই পানিতে ঢাকা পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চল এখন শুকনো প্রায়। চারপাশে চলছে ধান কাটার সঙ্গে নতুন ফসল বোনা। যেখানে একটু পানি আছে, সেখানেই চলছে মাছ ধরার উৎসব। পলো নিয়ে হাজার হাজার শৌখিন মৎস্য শিকারি মেতেছে এই উৎসবে।
যারা পলো দিয়ে মাছ ধরছে, তাদের বলা হচ্ছে বাউৎ। ফলে মাছ ধরার এই উৎসবের নাম দেওয়া হয়েছে বাউৎ উৎসব।
উৎসবে অংশগ্রহণকারী ১৫-১৬ জন মৎস্য শিকারির সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চলনবিলে এই বাউৎ উৎসবের রেওয়াজ রয়েছে। বিলের পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে মাছ ধরা শুরু হয়। আগে বিলে প্রচুর মাছ ছিল। ফলে এই মৌসুমে প্রায় প্রতিদিনই পলো দিয়ে অসংখ্য মৎস্য শিকারি মাছ ধরত। কিন্তু এখন মাছ কমে গেছে। ফলে বিলপারের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ একত্র হয়ে এই উৎসবের আয়োজন করে। ঘটা করে দিন ধার্য হয়। এরপর সবাই মিলে মাছ শিকারে নামে। ধনী-গরিব ভেদাভেদ নেই উৎসবে। যার একটি পলো আছে, সে-ই নামতে পারে শিকারে। বর্তমানে প্রতি শনি ও মঙ্গলবার চলছে উৎসব। কোন এলাকায় মাছ ধরা হবে, তা ঠিক করা হচ্ছে সবাই মিলে। সারা দিন হইচই ও মাছ ধরা। মাছ না পেলেও অনেকেই শখের বসে অংশগ্রহণ করছে উৎসবে। গতকাল শনিবার উৎসব হয়েছে চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার দিকশি বিলে।
সরেজমিনে দেখা যায়, হাঁটুপানিতে পলো নিয়ে নেমেছে প্রায় এক হাজার শৌখিন মৎস্য শিকারি। হইচই আর চেঁচামেচিতে মুখর চারপাশ। এ-প্রান্ত থেকে ও-প্রান্ত মাছ তাড়া করে বেড়াচ্ছে তারা। কিছুক্ষণ পর পর তাদের হাতে ধরা পড়ছে রুই, বোয়াল, শোল, মৃগেল, কাতলাসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ। মাছ ধরতে পারলেই একরাশ হাঁসিতে ভড়ে উঠছে মুখ।
উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের লোকমান হোসেন বলেন, উৎসবে অংশগ্রহণকারীদের মাছ ধরাটা বড় উদ্দেশ্য নয়, ঐতিহ্য ধরে রাখা এবং সারা বছরের কাজ শেষে একটু আনন্দ করতেই এ আয়োজন।
ক্ষতবাড়ী গ্রামের আবদুল আজিজ জানান, এবার উৎসবে চলনবিলের আশপাশের প্রায় ২০-২৫টি গ্রামসহ পাবনা, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার মানুষ অংশ নিচ্ছে। খণ্ড খণ্ড ভাগে এরা বিলে এসে নামছে। যে যা মাছ পাচ্ছে, তা নিয়ে বাড়ি ফিরছে।
কুয়াবাসী গ্রামের সেলিম হোসেন বলেন, বাউৎ উৎসবে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। শখ করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।
তাড়াশ উপজেলার পুংরুহালি গ্রামের প্রবীণ আবদুর রহমান মুন্সী বলেন, ‘আগে আরও বেশি মানুষ পলো বাইত। এহন মাছ নাই, মানুষও কমে গেছে।’
চাটমোহরের নাট্যকার ও নির্দেশক আসাদুজ্জামান দুলাল বলেন, ‘আগে প্রতিটি গৃহস্থবাড়িতেই দু-একটি পলো থাকত। পলো মাছ ধরার কাজ ছাড়াও হাঁস-মুরগি ধরে রাখার কাজেও ব্যবহার করা হয়। শুকনো মৌসুমে, বিশেষ করে কার্তিক মাসের মাঝামাঝি থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত পলো দিয়ে মাছ ধরার উৎসব চলত। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি প্রাচীন অংশ। কারণ নদীমাতৃক বাংলার সংস্কৃতিটা গড়ে উঠেছিল এসব নিয়েই। চলনবিলের খলিশাগাড়ীর বিল, জিয়েলগাড়ীর বিল, দিকশি বিল, শাপলার বিল, বিলকুড়ালিয়া, বড়াল, চিকনাই, গুমানী, করতোয়াসহ বিলের ১৬টি নদ-নদীতে খাল, পুকুরসহ উন্মুক্ত জলাশয়ে কয়েক দিন আগে থেকেই দিন-তারিখ ঠিক করে আশপাশের প্রতিটি গ্রামের জনসাধারণকে মাইকিং করে জানিয়ে দেওয়া হতো।
প্রবীণ শিক্ষক আতাহার আলী বললেন, ‘ঝপঝপাঝপ পলো বাও/মজার মজার মাছ খাও’—দলবল নিয়ে পলো দিয়ে মাছ ধরার অভিযানে নামার আগে সবাই এটা বলত। এটি পলো বাওয়ার স্লোগান। তবে এমনটি আর এখন শোনা যায় না।