চলনবিলে মডেল বাগান তৈরি শুরু সেই বৃক্ষসখার
চলনবিলের নবনির্মিত সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন নাটোরের ‘বৃক্ষসখা’ আতাউল গণি। গত শুক্রবার বিকেলে ১৬ কিলোমিটারের ওই সড়কের উভয় পাশে মডেল বাগান তৈরির কাজ শুরু করেছেন তিনি। এর আগে সরকার ওই সড়কসহ পাঁচটি সড়ক ও খালের পাশে ৩২ কিলোমিটার জায়গা তাঁকে বৃক্ষ রোপণের লিখিত অনুমতি দেয়। বন বিভাগের নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃক্ষ রোপণে অসাধারণ অবদান রাখার জন্য সরকার সিংড়ার বৃক্ষসখা খ্যাত আতাউল গণিকে ৩২ কিলোমিটার সড়কের উভয় পাশে বৃক্ষ রোপণের অনুমোদন দিয়েছে। এই কাজের অংশ হিসেবে শুক্রবার বিকেলে সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের ১৬ কিলোমিটারজুড়ে মডেল বাগান করার কাজ শুরু করেছেন তিনি।
সড়কের পেট্রোবাংলা মোড়ে স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদ তাঁকে সঙ্গে নিয়ে বাগান তৈরির কাজ উদ্বোধন করেন। এ সময় জেলা বন কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এই বাগানে ফলজ বৃক্ষের পাশাপাশি ভেষজজাতীয় বৃক্ষও রোপণ করা হবে।
আতাউল গণির গাছ লাগানো নিয়ে গত ১৩ জুলাই প্রথম আলোয় ‘নীরব বৃক্ষসখা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে সরকারি চাকরি করার পাশাপাশি তাঁর প্রায় ৬০ হাজার গাছ লাগানোর ঘটনা প্রকাশিত হয়।