চলনবিলে মাছের আকাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় চলনবিলে নানা প্রজাতির মাছ মিলত। আশপাশের মানুষ দল বেঁধে ঝাঁপিয়ে পড়তেন মাছ ধরার উৎসবে। কিন্তু পলি জমে ভরাট ও দখল হওয়ায় এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তাই পলো উৎসবের ভরসা নদীগুলোই। আর সেখানেও মাছ খুব কমই মেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় চলনবিলের গুরুদাসপুরের আত্রাই, নন্দকুঁজা, গুমানী, কাটানদী, তুলসীগঙ্গা, বানগঙ্গা, হাড়িভাঙ্গা বিল, কান্টাগাড়ি বিল, সাধুগাড়ি বিল, কাটানদী এবং বড়াইগ্রাম, সিংড়া, তাড়াশ, চাটমোহর, ভাঙ্গুড়া উপজেলা এলাকাজুড়ে মাছ পাওয়া যেত। মানুষ তীব্র শীত উপেক্ষা করে বাঁশ দিয়ে তৈরি পলো ও জাল নিয়ে নদী, খাল, বিলে মাছ ধরতেন। কম-বেশি প্রায় সব শিকারিই (বাইছাল) শৌল, বোয়াল, রুই, কাতল, মৃগেল, আইড়সহ নানা প্রজাতির মাছ পেতেন। ৩০০ থেকে ৫০০ জনের শিকারির বহরে থাকতেন একজন করে সরদার। কিন্তু এখন আর সেভাবে মাছ মিলছে না।
গত ২৮ জানুয়ারি নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুষ্ঠিত হয় এই উৎসব। পৌরসভার আত্রাই নদীতে শত শত মানুষ আসেন মাছ ধরতে। এর আগে ১৮ জানুয়ারি বিলশা, পাটপাড়া, চরকাদহ, ধারাবারিষাসহ প্রায় ১০টি গ্রামের দুই শতাধিক মানুষ গুমানী নদীতে মাছ ধরার উৎসবে অংশ নেন।
উপজেলার চরকাহদহ গ্রামের বাইছাল শুকুর আলী (৫৫) বলেন, তিনি ১৫ বছর বয়স থেকে বাবার সঙ্গে পলো উৎসবে গিয়ে মাছ ধরতেন। তখন চলনবিলে পাওয়া যেত পর্যাপ্ত মাছ।