চলনবিলে লাভের গুড় পিঁপড়ায় খাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাভের গুড় পিঁপড়ায় খায়’ প্রবাদবাক্যটি মর্মে মর্মে উপলব্ধি করছেন নাটোরের চলনবিল এলাকার ধানচাষিরা। মাথার ঘাম পায়ে ফেলে মাঠজুড়ে সোনালি ধান উৎপাদন করে, এর সিংহভাগই চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে। উজানের ঢলের পানি বিলে ঢুকে পাকা ধান তলিয়ে যাওয়ায় ধানচাষিদের এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানির নিচ থেকে ধান কাটতে শ্রমিকেরা চাষিদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি পারিশ্রমিক আদায় করছেন।

আজ বুধবার চলনবিলের দমদমা, জোড়মল্লিক, চৌগ্রাম, বিলদহর নিংগুইন, তেলিগ্রাম, সিধাখালি, জোলারবাতা, হাঁসপুকুরিয়া এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা ধান কাটতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যেসব জমির পাকা ধান পানির নিচে তলিয়ে আছে, সেসব জমির মালিক-শ্রমিক প্রখর রোদ উপেক্ষা করে রাত-দিন ধান কাটছেন। কাটা ধান জমি থেকে তুলে এনে রাস্তার পাশে জড়ো করছেন। কারও চোখেমুখে নতুন ফসল ঘরে তোলার আনন্দ নেই। সবাই যন্ত্রের মতো কাজ করে যাচ্ছেন। ধানমাড়াই করা নিয়ে কারও মাথাব্যথা নেই। পানির মধ্য থেকে পাকা ধান তুলে নিয়ে আসাই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।
সিংড়া পৌর এলাকার বালুয়াবাসুয়া মহল্লার হোসেন আলী বলেন, ‘মাঠে আমার ২০ বিঘা বোরো ধান আছে। ঢলের পানি ঢুকে পড়ায় শ্রমিকদের আগাম ১০ হাজার টাকা দিয়ে ধান কাটতে শুরু করিছিনু। সাত বিঘার ধান কাটি মাড়াই না করে শ্রমিকেরা পালায়ছে। বুধবার সকালে জানায়ে দিছে তারা ৮০০ টাকা করে হাজরি (পারিশ্রমিক) না পালে ধান কাটবে না। এখন আমি কী করব ভেবে পাচ্ছি না। এমন বিপদে আর কখনোই পড়িনি।’ এই কৃষকের চুক্তিবদ্ধ শ্রমিকদের সরদার জলিল উদ্দিন মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান, শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা সুবিধামতো জায়গায় ধান কাটতে চলে গেছেন। তাই তাঁর পক্ষে চুক্তিমতো ধান কাটা সম্ভব নয়।

সিধাখালি গ্রামের কৃষক চিত্তরঞ্জন সাহা বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলাম। এর মধ্যে তিন বিঘা জমির ধান তলায়ে গেছে। শ্রমিকের অভাবে ধান কাটতে পারছি না। শ্রমিকেরা একেকজন প্রতিদিন ৮০০ টাকা করে পারিশ্রমিক চাচ্ছেন। ধান বেচেও এত টাকা তোলা সম্ভব নয়। তাই ভগবানের ওপর ভরসা করে পানি নামার অপেক্ষায় আছি।’ এখানকার একজন শ্রমিক মাসুদ রানা বলেন, শুধু কৃষকের কষ্ট দেখলে হবি না। আমরা যে পানির মধ্যে দাঁড়ায়ে সারা দিন ধান কাটছি, সেটাও দেখতে হবি। কষ্ট বেশি হওয়ার জন্য হাজরি বেশি নিতে হচ্ছে।’

উপজেলার বড় হাঁসপুকুরিয়া গ্রামের ধানচাষি শাজাহান আলী বলেন, শ্রমিকের অভাবে ধান কাটতে না পেরে তাঁরা আতঙ্কে সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিটি জমির ধান এক থেকে দুই ফুট পানির নিচে রয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ইঞ্চির মতো পানি বেড়েছে। বাঁধের স্লুইসগেট দীর্ঘদিন ব্যবহার না করায় কপাট অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্লুইসগেট দিয়ে পানি ঠেকানো যাচ্ছে না। তাঁরা মাইকিং করে কৃষকদের জড়ো করে গেটের সামনে মাটির বাঁধ দিয়েছেন। তিনি জানান, এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা শ্রমিক-সংকট নিয়ে। কারণ প্রয়োজনের তুলনায় শ্রমিকের সংখ্যা খুবই কম। এ সুযোগে শ্রমিকেরা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন। প্রতি মণ ধান কাটার বিপরীতে তাঁরা নিচ্ছেন ১৫ থেকে ২০ কেজি। পরিবহন বাবদ চলে যাচ্ছে মণপ্রতি পাঁচ কেজি। এ ছাড়া সেচ খরচ ও উৎপাদন খরচ বাদ দিলে মাঠের ধান ঘরে তোলায় দায় হয়ে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উপপরিচালক) রফিকুল ইসলাম জানান, শ্রমিক-সংকটের ব্যাপারে তাঁদের কিছু করার নেই। তিনি ধানচাষিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘মঙ্গলবার থেকে বৃষ্টিবাদল নেই। ফলে দু-এক দিনের মধ্যেই পানি কমতে শুরু করবে। ধান কাটা নিয়ে সমস্যা হবে না। প্রয়োজন বুঝে ধান কাটলে শ্রমিক-সংকট থাকবে না।’