কয়েক দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে নাটোরের চলনবিল এলাকায় হাজার হাজার একর জমির পাকা ধানের শিষ নুয়ে পড়েছে। শিগগিরই এসব ধান কেটে নেওয়া না হলে নষ্ট হয়ে যাবে। কিন্তু শ্রমিক-সংকটে ধান কাটতে পারছেন না কৃষকেরা।
গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে চলনবিলের নাটোর অংশের সিংড়া এলাকায় গিয়ে দেখা যায়, হাজার হাজার বিঘার পাকা ধান জমিতে নুয়ে আছে। জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ধানের শিষ ডুবে আছে। কোনো কোনো জমির ধান ১১ এপ্রিলের ঝড়-বৃষ্টির পর থেকে এভাবে ডুবে আছে বলে জানান স্থানীয় কৃষকেরা। আর দুই-এক দিন ডুবে থাকলেই ধানের দানা পচে যাবে। এদিকে বিলের মাঝ দিয়ে প্রবাহিত নদী ও খালের পানি বেড়ে যাওয়ায় ধানখেত থেকে সহজে পানি সরার সম্ভাবনা নেই বলে ধারণা করছেন কৃষকেরা। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় শঙ্কিত বোধ করছেন কৃষকেরা।
জিয়া গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, হিয়ালার বিলের সাড়ে পাঁচ একর জমিতে তিনি এবার ধানের চাষ করেছেন। সপ্তাহ খানেক আগেই অধিকাংশ ধানে পাক ধরেছে। অথচ ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত তিন দফা ঝড় ও শিলাবৃষ্টিতে জমিতে প্রায় এক ফুট পানি জমে যায়। ঝড়-শিলাবৃষ্টিতে নুয়ে পড়ে এসব ধানের শিষ পানিতে ডুবে আছে। এ অবস্থায় ধান কেটে ফেলা জরুরি। অথচ এলাকায় শ্রমিক কম। সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে কৃষকদের মধ্যে টানাটানি পড়ে গেছে।
ইউনুছ আলী আরও বলেন, ‘ধান কাটতে না পাইরা চিন্তায় রাইতে ঘুমাইতে পারি না। আরেকবার ঝড়-তুফান হইলে একটা ধানও ঘরে উঠব না আমার।’
পেট্রোবাংলা এলাকার ধানচাষি মহব্বত আলী বলেন, ঝড়-শিলাবৃষ্টিতে তাঁর ১৫ বিঘা জমির ধান নুয়ে গেছে। শ্রমিক না পেয়ে নিজের স্কুলপড়ুয়া তিন ছেলেকে সঙ্গে নিয়ে তিনি তিন ধরে ধান কাটছেন। কিন্তু এখনো ১০ বিঘা জমির ধান বাকি। তিনিও বলেন, ‘দুশ্চিন্তায় বাড়িই যাইতে মন চায় না।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা বোরো ধান মাটিতে শুয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে এসব ধান কাটা দরকার। তা না হলে ধান পচে যেতে পারে। কৃষকেরা চেষ্টা করছেন ধান ঘরে তোলার। কিন্তু শ্রমিক-সংকট প্রকট থাকায় কৃষকেরা পেরে উঠছেন না।