চলনবিলে সাবমার্জ সড়ক নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলে চলনবিলে ১১ কিলোমিটার দীর্ঘ পরিবেশবান্ধব ও জমিসাশ্রয়ী আংশিক নিমজ্জিত (সাবমার্জ) সড়ক নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণ করছে। নির্মাণ সম্পন্ন হলে উপজেলার লাহিড়ীমোহনপুর, বড়পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নের ৮০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে।উপজেলা প্রকৌশলী মো. সুজায়েত হোসেন বলেন, চলনবিলের ওই তিনটি ইউনিয়নের বাসিন্দাদের দুর্দশা লাঘবে জুন মাসের প্রথম সপ্তাহে প্রথম পর্যায়ে দুটি সাবমার্জ সড়ক নির্মাণ শুরু হয়েছে। মো. সুজায়েত হোসেন জানান, চলনবিলের পানির উচ্চতায় (বর্ষা মৌসুমে ১৫ ফুট) রাস্তার উপরিভাগে ১৫ ফুট প্রশস্ত সড়ক তৈরি করলে ভূমিতে প্রায় ১০০ ফুট প্রশস্ত করতে হয়। এতে প্রচুর ফসলি জমি নষ্ট হয়। কিন্তু সাবমার্জ রাস্তার উচ্চতা তিন ফুট হওয়ায় সড়কের ওপরে ১৫ ফুট প্রশস্ত হলেও ভূমিতে সর্বোচ্চ ২৫ ফুট জমি নষ্ট করতে হয়। এই রাস্তায় পিচের পরিবর্তে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে। দুই পাশ ইট গেঁথে তোলা হচ্ছে। বর্ষা মৌসুমে রাস্তা ডুবে গেলেও এর কোনো ক্ষতি হবে না। পানি শুকিয়ে গেলে খরা মৌসুমের ছয় মাস এ এলাকার লোকজন যানবাহনে করে এতে চলাচল করতে পারবেন। এ ছাড়া এটা পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করবে না।