চলনবিলে সুতিজাল, সরিষা চাষে শঙ্কা, মাছের প্রজাতি ধ্বংস
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের ৮ ও ৯ নম্বর সেতুর নিচে বাঁধ দিয়ে নিষিদ্ধ সুতিজালে মাছ ধরছেন এলাকার প্রভাবশালীরা। পানি বাধা পেয়ে ঠিক সময় মাঠ থেকে নেমে না যাওয়ায় চলনবিলের উত্তরাংশের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে এবার সরিষার আবাদ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সেতু দুটির নিচে লম্বালম্বি অসংখ্য বাঁশের খুঁটি পুঁতে সুতিজাল স্থাপন করা হয়েছে। এই দুটি সেতুর নিচ দিয়ে চলনবিলের উত্তর পাশের নিমজ্জিত জমির সিংহভাগ পানি নিষ্কাশন হয়। খুঁটিগুলোর সঙ্গে বাঁশের চাটাই স্থাপন করা হয়েছে। তার ওপর দেওয়া হয়েছে জাল। এতে পানিপ্রবাহের পথ সরু হয়ে গেছে। বাঁধের উত্তর পাশে পানির উচ্চতা বেড়ে গেছে, দক্ষিণ প্রান্তে গেছে কমে। সেতুর উত্তর ও দক্ষিণ দিকের পানির উচ্চতা এক থেকে দেড় ফুট তারতম্য দেখা গেছে। সময়মতো পানি মাঠ থেকে না নামলে চলতি মাসের শেষের দিকে সরিষা বপনের উপযোগী হবে না। সেই সঙ্গে সুতিজালে রেণুপোনা থেকে শুরু করে ছোট-বড় সব প্রজাতির মাছ ধরা পড়ে। এতে মাছের প্রজাতি সমূলে নিধন হতে চলেছে। উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, শস্যভান্ডার হিসেবে খ্যাত এই চলনবিলের মানুষের কৃষির ওপরই ভরসা। বিগত সময় এই এলাকায় প্রভাবশালীরা সুতিজাল দিয়ে মাছ ধরায় সরিষার আবাদ করা সম্ভব হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুতিজাল ছিল না। তখন এলাকার শত শত কৃষক ওই ১০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করেন। ওই আবাদের টাকা দিয়ে তাঁরা ঋণমুক্ত হন। গত ১৮ দিন ধরে সুতিজাল স্থাপন করা হয়েছে। এই গতিতে পানি নামতে থাকলে কমপক্ষে আরও দুই মাস সময় লাগবে। ফলে সরিষার আবাদ করা মোটেই সম্ভব হবে না। ইউপি চেয়ারম্যান জানান, চলনবিল এলাকায় প্রতি হেক্টর জমিতে ৫০ মণ সরিষা হয়। প্রতি মণ সরিষার দাম এক হাজার ২০০ টাকা হিসেবে ১০ হাজার হেক্টর জমির উৎপাদিত সরিষার দাম পড়ে ৬০ কোটি টাকা। যা থেকে কৃষকেরা বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুতিজালে মাছ ধরার কাজে নিয়োজিত হামকুরিয়াগ্রামের বকুল বলেন, ‘পানি কমে যাওয়ার সময় সবাই এখানে মাছ ধরে। সে কারণে আমরা চাঁদা তুলে বাঁশের খুঁটি পুঁতে মাছ ধরছি।’ তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম আক্তার জানান, চলনবিল এলাকায় শুধু মৎস্য বিভাগের আইন অনুযায়ী বড়শি দিয়ে মাছ ধরার নিয়ম রয়েছে। এখানে সুতিজাল, বাদাই ও কারেন্টজাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তা ছাড়া পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরার নিয়ম নেই। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শুধু এই বিল এলাকায় ১০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের শেষ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সরিষা বপন করতে হবে। যদি সুতিজাল স্থাপন করা হয়, তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পানি মাঠ থেকে নেমে নাও যেতে পারে। সে কারণে সরিষার আবাদ ক্ষতিগ্রস্ত হবে। তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, সুতিজাল স্থাপনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।