চলনবিলে সোঁতিজাল উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চলনবিলে অবৈধ সোঁতিজাল উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনছুর উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
গত শনিবার প্রথম আলোয় ‘চলনবিলের খালে বাঁধ হুমকিতে শস্য আবাদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের টনক নড়ে। গতকাল রোববার সকালেই প্রশাসনের লোকজন সোঁতিজাল উচ্ছেদ অভিযান শুরু করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলনবিল এলাকার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের কাটাবাড়ী খালে তিনটি সোঁতিজাল উচ্ছেদ করা হয়। এসব এলাকা থেকে বাঁশের পোঁতা খুঁটিগুলোও তুলে ফেলা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনসুর উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাসার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জিল্লুর রহমান খান বলেন, সোঁতিজাল পাতার কারণে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে মাঠ থেকে পানি নামতে পারছে না। ফলে রবিশস্য আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।