চলনবিল অঞ্চলে গত ১৫ দিনে সাপের কামড়ে সাতজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহূত প্রতিষেধক (অ্যান্টিভেনম সিরাম) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাওয়া যাচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, চলনবিলে বর্ষার পানি আসায় বসতবাড়ি ও রাস্তাঘাটের নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে বসবাসের জায়গা সংকুচিত হয়ে পড়ায় বিভিন্ন বাসাবাড়ি, রাস্তাঘাট ও বাড়িসংলগ্ন ধানের খড়ের গাদায় সাপ আশ্রয় নিয়েছে। ১৩ জুলাই গুরুদাসপুরের ঝিনাইগাড়ি গ্রামের শুকুর আলী (৪৫) বাজার থেকে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে মারা যান। ১১ জুলাই বিলসাগ্রামের গৃহবধূ বিলকিস (৩২) রাতে চৌকি থেকে নিচে পা ফেলার সময় একটি সাপ তার পায়ের তলায় কামড় দেয়। পরে তাঁর মৃত্যু হয়। বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ৭ জুলাই সজীব (১৩) নামে এক স্কুলছাত্র স্কুলে খেলার সময় সাপের কামড় খায়। আহত অবস্থায় তাকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলেও প্রতিষেধক না থাকায় তাকে বাঁচানো যায়নি। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলবেষ্টিত মাদারবাড়ীয়া গ্রামের জিল্লুর রহমান (১৬), বিনসাড়া গ্রামের মহাদেব (১৩), চকজয়কৃষ্ণপুর গ্রামের শাহানা (৩৫), হান্ডিয়াল গ্রামের অনিমা সাহা (৪৮) সাপের কামড়ে মারা গেছে বলে জানিয়েছেন তাড়াশ হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন।ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, বর্ষায় চলনবিলবেষ্টিত গ্রামগুলোতে সাপের উপদ্রব বাড়লেও সরকারিভাবে কার্বলিক এসিড সরবরাহ করা হয় না। তাদের দাবি, এ সময় চলনবিলের মানুষের কথা বিবেচনা করে কার্বলিক এসিড সরবরাহ করা গেলে অন্তত সাপের কামড়ে কেউ আর মরবে না। তবে এলাকার সামর্থ্যবানরা বাজার থেকে কার্বলিক এসিড কিনে ঘরবাড়িতে রাখছেন।তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, সাপের কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহূত প্রতিষেধক সরবরাহ না থাকায় তারা চিকিৎসা দিতে পারছেন না। তবে সাপের কামড়ের রোগীকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক না দিয়ে দ্রুত প্রতিষেধক পাওয়া যায়—এমন স্থানে নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গুরুদাসপুরের উত্তরে খুবজীপুর আর দক্ষিণে ধারাবারিষা ইউনিয়নের বিল এলাকায় সাপের উপদ্রব বেশি। তাঁর জানামতে, অ্যান্টিভেনম সিরাম না পাওয়ায় সাপের কামড়ে মৃতের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কখনো সরকারি বরাদ্দ এলেও তখন সাপে কাটা রোগী মেলে না। এতে ওই ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যায়। যোগাযোগ করা হলে নাটোরের সিভিল সার্জন মো. আবদুল গণি মুঠোফোনে জানান, বর্ষা সামনে রেখে ভ্যাকসিন চেয়ে আবেদন পাঠালেও তা আসে অনেক পরে। ফলে তা মানুষের কোনো কাজেই আসে না। তা ছাড়া মাঠপর্যায়ে কার্বলিক এসিড বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে বলে তিনি জানান। তিনি আলো জ্বালিয়ে সতর্কতার সঙ্গে সবাইকে পথ চলার পরামর্শ দিয়েছেন।