চলনবিলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিনা মূল্যে কৃষি উপকরণ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, চলনবিলে বন্যায় ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূলে সার-বীজ-কীটনাশকসহ সব কৃষি উপকরণ বিতরণ করা হবে। পাশাপাশি আগামী মৌসুমের নতুন ফসল না ওঠা পর্যন্ত সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।


গতকাল সোমবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার উপজেলার চলনবিল-অধ্যুষিত খুবজীপুর ইউনিয়নের বঙ্গবন্ধু বিলচলন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী ওই কথাগুলো বলেন।

মন্ত্রী আরও বলেন, চলনবিলের অকালবন্যা ঠেকাতে বিলের মধ্য দিয়ে প্রবাহিত সব নদ-নদী ও নালার নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নেওয়া ব্যাংক এবং এনজিও ঋণ পরিশোধে যাতে চাপ সৃষ্টি না করে, সে জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহনীয় থাকতে পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস বলেন, চলনবিলের কৃষকেরা একটিমাত্র ফসলের (বোরোধান) ওপর নির্ভরশীল। অকালবন্যায় উঠতি বোরো ধান ডুবে কৃষকেরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন না করলে ঘুরে দাঁড়াতে পারবেন না তাঁরা।

গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজিত ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল, নাটোরের জেলা প্রশাসক মোছা. শাহিনা খাতুন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে ত্রাণ বিতরণের আগে জেলার বন্যাকবলিত সিংড়া ও নলডাঙ্গা উপজেলা এলাকা পরিদর্শন শেষে ওই এলাকায় প্রাণ বিতরণ করেন মন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলায় প্রাথমিকভাবে ৩ হাজার ৯০০ জন কৃষককে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকা করা হয়েছে। সহায়তা হিসেবে প্রাথমিকভাবে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল ও বাজার খরচ বাবদ ৫০০ টাকা করে দেওয়া হয় এসব পরিবারকে।