চলনবিলের চাঁই বিক্রি হচ্ছে সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁচকৈড় হাটে মাছ ধরার এসব চাঁই নিয়ে আসছেন দুই ক্ষুদ্র ব্যবসায়ী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁচকৈড় হাটে মাছ ধরার এসব চাঁই নিয়ে আসছেন দুই ক্ষুদ্র ব্যবসায়ী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চলনবিলের হাটগুলোতে ওঠা মাছ ধরার উপকরণ চাঁই স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের অন্য এলাকাগুলোতেও। গুণগত মান ভালো হওয়ায় অন্য এলাকাতেও যাচ্ছে চলনবিল এলাকার চাঁইগুলো। আশানুরূপ দাম পাওয়ায় এসব চাঁই বানানোর সঙ্গে জড়িত নিম্ন আয়ের পরিবারগুলোর বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে এই চাঁই।
বাঁশ ও তালের ডাগুরের আঁশকে পুঁজি করে তৈরি এসব চাঁই জলাশয়ে ছোট ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। হাতে তৈরি এসব মাছ ধরার ফাঁদ তৈরি করে প্রতিটি পরিবার দিনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করে থাকে।
এসব ফাঁদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁই বুনে লাভবান হওয়ায় এ অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা সারা বছরই এগুলো বানান। চলনবিল এলাকার কয়েক হাজার মানুষ এই চাঁই বানানোর সঙ্গে জড়িত। সরকারি সহযোগিতা না পাওয়ায় বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এসব নিম্ন আয়ের মানুষেরা তাঁদের পেশা টিকিয়ে রেখেছেন।
সরেজমিনে জানা যায়, নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় হাট, নয়াবাজার হাট, বড়াইগ্রাম, সিংড়া উপজেলার বিভিন্ন হাটে এক জোড়া চাঁই (খোলসুন) আকারভেদে ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
গুরুদাসপুরের দাদুয়া গ্রামের সাখায়াত হোসেন (৪৫) বলেন, বছর পাঁচেক আগে তিনি মাছ ধরার অন্য যেসব উপকরণ আছে সেগুলো বানাতেন। পরে লাভ বেশি হওয়ায় এখন শুধু চাঁই বানান। সপ্তাহে ৭-৮টি চাঁই বানাতে পারেন। আটটি চাঁইয়ের পেছনে ব্যয় হয় ২০০ টাকা। বিক্রি করতে পারেন ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ঢাকা থেকে চাঁচকৈড় হাটে আসা ব্যাপারী কোরবান আলী বলেন, প্রতি হাটে তিনি প্রায় ১ লাখ টাকার চাঁই, বানাসহ মাছ ধরার বিভিন্ন সামগ্রী কিনে তা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। এতে তাঁর খরচ বাদে প্রতি হাটে ২০ হাজার টাকার মতো লাভ হয়।
চাঁচকৈড় হাটের ইজারাদার আমিরুল ইসলাম বলেন, বর্তমানে এই হাটে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার মাছ ধরার সামগ্রী বিক্রি হয়।