চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় বাঁশের ফাঁদ জব্দ
এবার বর্ষার শুরুতেই স্থানীয় প্রশাসন নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় বাঁশের ফাঁদ, সোতি জাল ও বাদাই জাল জব্দ করতে শুরু করেছে। সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত বুধবার চলনবিলের সর্ববৃহৎ বাঁশের ফাঁদ অপসারণসহ বিপুল পরিমাণ সোতি জাল ও বাদাই জাল জব্দ করে ধ্বংস করেছেন। এ সময় এক মাছশিকারিকে জরিমানা করা হয়।
সিংড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিবছর এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চলনবিলের বিভিন্ন এলাকায় বাঁশের ফাঁদ, সোতি জাল, বাদাই জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করে। অন্য সময় স্থানীয় প্রশাসন অভিযান শুরু করার আগেই চলনবিলের জীববৈচিত্র্যের অনেকটা নষ্ট হয়ে যায়। তাই এবার জেলা প্রশাসকের পরামর্শে স্থানীয় প্রশাসন বর্ষার শুরুতেই অভিযান শুরু করেছে।
সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমানের নেতৃত্বে আদালত বুধবার দিনব্যাপী চলনবিলের মহেশচন্দ্রপুর, সোহাগবাড়ি ও ডাহিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওমর আলী, থানার উপপরিদর্শক (এসআই) খাইরুজ্জামান। তাঁরা প্রথমে চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত গুড় নদীতে স্থাপন করা একটি বিশাল আকৃতির অবৈধ বাঁশের ফাঁদ (বাঁধ) অপসারণ করেন। এই ফাঁদে সোতি জাল বেঁধে যেকোনো আকৃতির মাছসহ সব ধরনের জলজ প্রাণী শিকার করা সম্ভব।
সোহাগবাড়ি গ্রামের আজাহার আকন্দ ও তাঁর ছেলেরা প্রতিবারের মতো এবারও কয়েক লাখ টাকা ব্যয় করে এই ফাঁদ নির্মাণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। আদালত বুধবার বিকেলে আজহারের ছেলে রায়হান আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত ডাহিয়া এলাকার অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে চারটি বাদাই জাল জব্দ করে ধ্বংস করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আগেভাগে উদ্যোগ নিয়ে প্রশাসন এবার ঠিক কাজটি করেছে। শুধু এক দিন অভিযান চালালে হবে না। নিয়মিত অভিযান চালাতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার মুশফিকুর রহমান বলেন, পুলিশ ও মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।